রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশি অভিযান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতাকর্মীদের গ্রেফতার ও পুলিশের গুলিতে নিহতের প্রতিবাদে আগামী ১৩ ডিসেম্বর দেশব্যাপী গণমিছিল ও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
এছাড়া আগামী ২৪ ডিসেম্বর ঢাকাসহ সারাদেশে গণসমাবেশ থেকে ঘোষিত ১০ দফা বাস্তবায়নে গণমিছিল করা হবে। এ কর্মসূচি প্রথমবারের মতো যুগপৎভাবে করবে বিএনপি।
শনিবার (১০ ডিসেম্বর) রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
বিকেল ৪টার দিকে গণসমাবেশে প্রধান অতিথির বক্তৃতাকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এ কর্মসূচির ঘোষণা দেন।
তিনি বলেন, ‘সরকার আজকের গণসমাবেশে বাধা দেওয়ার জন্য নানান ষড়যন্ত্র করেছে। আমাদের সাড়ে চারশোর বেশি নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। তবে সব বাধা-বিপত্তি মোকাবিলা করে আজকের ঢাকা বিভাগীয় গণসমাবেশ সফল হয়েছে।’

