আর্জেন্টিনা বিনিয়োগের বিনিময়ে নাগরিকত্ব দেওয়ার প্রকল্প চালুর ঘোষণা

দক্ষিণ আমেরিকা মহাদেশের প্রথম দেশ হিসেবে আর্জেন্টিনা বিনিয়োগের বিনিময়ে নাগরিকত্ব দেওয়ার প্রকল্প চালুর ঘোষণা দিয়েছে। শুক্রবার (২ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেশটির অর্থমন্ত্রী লুই কাপুতো এ তথ্য জানান ।
জানা গেছে, চলতি বছরের চতুর্থ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) এর আবেদন প্রক্রিয়া চালু হবে। অফেরতযোগ্য ৩ লাখ ৫০ হাজার ডলার বা ৪ কোটি ৩০ লাখ ৩২ হাজার টাকা বিনিয়োগের মাধ্যমে কিংবা ৮ লাখ ডলার বা ৯ কোটি ৮৩ লাখ ৩৬ হাজার টাকার পাবলিক বন্ড কিনলে নাগরিকত্ব পেতে পারেন আগ্রহীরা।
আর্জেন্টিনার অর্থ মন্ত্রণালয় সূত্র জানা গেছে, অন্যান্য পদক্ষেপের পাশাপাশি দেশটির বিনিয়োগ পরিবেশ শক্তিশালী করার লক্ষ্যে এই পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই কঠোর কৃচ্ছ্রসাধন কর্মসূচি এবং ‘রিজি’ নামক প্রণোদনা কর্মসূচির মাধ্যমে বিদেশি বিনিয়োগের সহায়তায় আর্জেন্টিনার সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা আনা ও ডলারের রিজার্ভ বৃদ্ধির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
দেশটির অর্থ মন্ত্রণালয় আরও জানায়, এই ঘোষণাটি আর্জেন্টিনার অর্থনীতির উন্মুক্তকরণ এবং আন্তর্জাতিক অঙ্গনে একীভূত হওয়ার চলমান প্রক্রিয়ার একটি অংশ। দেশটির কর্মকর্তারা আশা করছেন, আর্জেন্টিনার অর্থনীতিতে বহুল প্রয়োজনীয় অর্থের জোগান দেবে এই কর্মসূচি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.