কর্ণফুলী থেকে মাইন 

একটি স্যুটকেস, একটি পাসপোর্ট,
আর বুকের ভেতর ভাঁজ করে রাখা একখণ্ড বাংলাদেশ নিয়ে
আমি যখন ফ্রাঙ্কফুর্ট এলাম,
তখন জার্মানিতে গ্রীষ্মকাল চলছে।

গ্রীষ্মের কোনো এক ঝলমলে দিনে
আমার প্রিয়তমা স্ত্রী
আমাকে মাইন নদীর সঙ্গে পরিচয় করিয়ে দিল।

মাইনের পাড়ে দাঁড়িয়ে
আমার শৈশবের নদী কর্ণফুলীর কথা মনে পড়ে গেল।

কর্ণফুলীর পাড়ে ফেলে এসেছি
কিছু অসমাপ্ত বিকেল,
বৃষ্টিতে ভেজা মাটির গন্ধ,
কিছু প্রিয় মুখ,
ভালোবাসার কিছু ডাকনাম,
আর মায়ের চুলের চেনা ঘ্রাণ—
যা এত দূর থেকেও
মাঝে মাঝে বাতাসে ফিরে আসে।

আমি মাইন নদীর জলের দিকে তাকিয়ে থাকি।
জল বয়ে যায়, বয়ে যায়।

আমি জলের উপর যেন-বা একটি পাখি।

আমি পাখি হবো।

আমি পাখি হবো,
উড়ে যাবো দিগন্তের পর দিগন্ত,
মহাসাগর, মহাদেশ, মহানদী পাড়ি দিয়ে—
বঙ্গোপসাগর,
তারপর কর্ণফুলী।

আমি পাখি হবো—
ফেলে আসা আকাশের নিচে,
জলের খুব কাছাকাছি।

আমি পাখি হবো
মাইন থেকে কর্ণফুলী—
দুটি স্রোতে বয়ে যাই আমি।

যেন-বা নদী—
মাইন, কর্ণফুলী—
দুটি নয়,
একটি হয়ে।

কবি নুরল আকন্দ খোকন

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.