হামলা চলবে, বিদেশি কূটনীতিকদের ইউক্রেন ছাড়তে বলল রাশিয়া

ইউক্রেনের রাজধানী কিয়েভে বড় ধরনের হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়ে সেখানে অবস্থানরত বিদেশি কূটনীতিক ও বিদেশি নাগরিকদের কিয়েভ ছাড়ার আহ্বান জানিয়েছে রাশিয়া।

 

শনিবার (৩ অক্টোবর) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই দাবি পুনর্ব্যক্ত করা হয়। এর আগে গত মে মাসেও কিয়েভ ছাড়তে একই ধরনের সতর্কবার্তা দিয়েছিল মস্কো।

 

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, “আমাদের দেশের বেসামরিক জনগণ ও অবকাঠামোর বিরুদ্ধে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনী সন্ত্রাসী কর্মকাণ্ডের জবাবে, রুশ ফেডারেশনের সশস্ত্র বাহিনী কিয়েভসহ ইউক্রেনের অন্যান্য শহরে সামরিক স্থাপনাগুলোতে লক্ষ্যভিত্তিক হামলা চালিয়ে যাচ্ছে।”

তবে এই সতর্কবার্তাগুলো বিদেশি দূতাবাসগুলো আমলে নেয়নি বলে উদ্বেগ প্রকাশ করেছে মস্কো। বিবৃতিতে বলা হয়, “কিয়েভে এখনো বেশ কয়েকটি বিদেশি দূতাবাস তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং বিদেশি কর্মকর্তারাও নিয়মিত ইউক্রেন সফর করছেন।”

 

বিবৃতিতে আরো বলা হয়, “রুশ সশস্ত্র বাহিনী প্রতিশোধমূলকভাবে বড় ধরনের হামলা অব্যাহত রাখবে। তাই রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় আবারো বিদেশি নাগরিক ও কূটনৈতিক মিশনের কর্মীদের ইউক্রেনে অবস্থান করা বা সেখানে ভ্রমণ করা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছে। যারা এই সতর্কবার্তা উপেক্ষা করবেন, যেকোনো সম্ভাব্য নেতিবাচক পরিণতির সম্পূর্ণ দায়ভার তাদেরকেই নিতে হবে।”

 

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক মাসগুলো রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই একে অপরের লজিস্টিকস সেন্টার, বন্দর ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা জোরদার করেছে। উভয় পক্ষই বেসামরিক স্থাপনায় সরাসরি হামলার অভিযোগ অস্বীকারে করে দাবি করে আসছে যে, তাদের লক্ষ্য কেবল সামরিক স্থাপনা বা সামরিক কার্যক্রমের সঙ্গে যুক্ত অবকাঠামো।

এদিকে, গত কয়েকদিন ধরে কিয়েভে রাশিয়ার তীব্র হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষ করে নিপ্রো নদীর ওপর অবস্থিত গুরুত্বপূর্ণ সেতুগুলো হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে, শনিবার পভনিচনি সেতুতে হামলার ঘটনাও ঘটেছে।

 

তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.