ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার কাছে একটি কারাগারে অভিযান চালিয়ে ভিআইপি বন্দিদের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ, বড় পর্দার টেলিভিশন, সুইমিং পুলসহ বিলাসবহুল আবাসিক ব্যবস্থা পাওয়ার পর পাঁচ কারা কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ইন্দোনেশিয়ার ওমবাডসম্যানের আকস্মিক পরিদর্শনে সিবিনং ক্লাস আইআইএ কারাগারে এসব অস্বাভাবিক সুবিধার সন্ধান পাওয়া যায়। বিষয়টি সামনে আসার পর অর্থশালী ও প্রভাবশালী বন্দিদের বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
জাকার্তার বাইরে অবস্থিত প্রায় চার হেক্টর আয়তনের এই কারাগারটি মাঝারি থেকে উচ্চ নিরাপত্তার একটি কারাগার। গুরুতর অপরাধে দণ্ডিত ব্যক্তিদের এখানে রাখা হয়। তাদের মধ্যে আর্থিক ও অর্থনৈতিক অপরাধে দণ্ডিত ব্যক্তিও রয়েছেন।
ওমবাডসম্যানের একটি দল সাংবাদিকদের সঙ্গে নিয়ে কারাগারটিতে আকস্মিক পরিদর্শনে যায়। এ সময় কারাগারের ভেতরে কাঠের বেড়া দিয়ে ঘেরা একটি এলাকা তাদের নজরে আসে। অভিযোগ রয়েছে, প্রথমে কারারক্ষীরা পরিদর্শকদের ওই এলাকায় ঢুকতে বাধা দেওয়ার চেষ্টা করেন।

