ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনকে বিএনপি বেগবান করেছে : আ স ম আবদুর রব

 

প্রচণ্ড বাধা-বিপত্তি, হুমকি, রক্তপাত, তাণ্ডব, পরিবহন ধর্মঘট, কড়া চেকপোস্ট, পুলিশি অভিযান ও তল্লাশি উপেক্ষা করে ঢাকায় বিশাল সমাবেশের মাধ্যমে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনকে বিএনপি বেগবান করেছে বলে জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)। সংগঠনের সভাপতি আ স ম আবদুর রব বলেন, ‘যেনতেন প্রকারে নির্বাচনী নাটকের মাধ্যমে ক্ষমতা আঁকড়ে থাকার পাঁয়তারা করছে সরকার। ক্ষমতাসীন সরকারের পূর্বের অবস্থান অব্যাহত রাখলে চলমান সংকট উত্তরণ সম্ভব নয়। সুতরাং গণজাগরণের প্রতি শ্রদ্ধা জানিয়ে সরকারের পদত্যাগই হবে সর্বোত্তম পন্থা।’

আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এমনটাই জানানো হয়েছে। এতে আন্দোলনকে বেগবান করায় বিএনপিকে অভিনন্দন জানায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন। জেএসডি জানায়, ‘শত প্রতিকূলতা কাটিয়ে বিএনপির সমাবেশে স্বতঃস্ফূর্ত জনস্রোত প্রমাণ করছে বল প্রয়োগ করে ক্ষমতায় টিকে থাকার গোপন অভিলাষ বাস্তবায়ন সরকারের পক্ষে আর সম্ভব হবে না। বিশাল জনসমাবেশে শুধু নেতাকর্মী বা সমর্থক নয় সাধারণ জনগণও সংগ্রামী চেতনায় অংশগ্রহণ করছে। চলমান সাহসী ও প্রতিবাদী রাজনীতিতে সাধারণ জনগণের সম্পৃক্ততা প্রমাণ করে শুধু স্বৈরাচারী সরকারের পরিবর্তনই নয় রাষ্ট্র সংস্কারের মাধ্যমে জনগণ তাদের কাঙ্ক্ষিত মুক্তিও নিশ্চিত করতে চায়। সে লক্ষ্যেই প্রয়োজন রাষ্ট্র পরিচালনায় ‘নতুন বন্দোবস্ত’ বা ‘বিকল্প মডেল’ তথা শ্রমজীবী কর্মজীবী ও পেশাজীবী জনগণের ‘অংশীদারিত্বের গণতন্ত্র’ বাস্তবায়ন। এ লক্ষ্যেই জনগণ নির্ভয়ে রাজপথে জীবন উৎসর্গ করছে।’

এতে আরও বলা হয়, ‘বাংলাদেশের চলমান রাজনীতি পরিস্থিতিতে পুলিশের ভয়ভীতি প্রদর্শন, রাজনৈতিক সহিংসতা, গুরুতর মানবাধিকার লঙ্ঘন, মত প্রকাশ ও শান্তিপূর্ণ সমাবেশের মৌলিক অধিকার রক্ষার প্রশ্নে জাতিসংঘসহ বিশ্বের বহু রাষ্ট্র ও দূতাবাস উদ্বেগ প্রকাশ করে আইনের শাসনকে সম্মান জানাতে এবং সহিংসতা, হয়রানি ও ভয় দেখানো থেকে বিরত থাকতে আহ্বান জানিয়েছে। মানবাধিকার লঙ্ঘনসহ সকল অভিযোগ অস্বীকার করার অপকৌশল ও প্রবণতা ভূরাজনীতিতে বাংলাদেশকে চরম সংকটের দিকে ঠেলে দিচ্ছে।’

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.