নন্দিত চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা শবনম বুবলী প্রথমবার জুটি বেঁধে একই মঞ্চে হাজির হলেন সঞ্চালক হিসেবে। তাদের উপস্থাপনায় জমে উঠেছে বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড-২০২১।
সোমবার (৩০ মে) সন্ধ্যায় রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এই জাঁকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানের শুরুতেই মঞ্চে ওঠেন বুবলী ও ফেরদৌস। এরপর জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় মিডিয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠান।
ইতোমধ্যে ৬৪ জেলা থেকে প্রবীণ ও গুণী সাংবাদিকরা অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়েছেন। তাদের আগমনে ভিন্নরকম আমেজ বিরাজ করছে আইসিসিবিতে।
দেশের গণমাধ্যমে গত বছর প্রকাশিত ও প্রচারিত অনুসন্ধানী প্রতিবেদন বিচার বিশ্লেষণ করে পাঁচটি ক্যাটাগরিতে ১১ জনকে পুরস্কৃত করা হচ্ছে। এ ছাড়া তৃণমূল পর্যায়ে সাংবাদিকতা প্রসারে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ প্রতিটি জেলা থেকে একজন করে ৬৪ জন প্রবীণ ও গুণী সাংবাদিককে দেওয়া হচ্ছে বিশেষ সম্মাননা।
উল্লেখ্য, দীর্ঘদিন টেলিভিশনে সংবাদ পাঠিকা হিসেবে কাজ করেছেন বুবলী। কিন্তু এবারই প্রথম তিনি কোনো অনুষ্ঠানে উপস্থাপিকা হিসেবে হাজির হলেন। এদিকে চিত্রনায়ক ফেরদৌস দীর্ঘদিন ধরেই নানা অনুষ্ঠান উপস্থাপনা করে আসছেন, তবে প্রথমবার জুটি বাঁধলেন বুবলীর সঙ্গে।

