ওমানে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

ওমানে মো. সুজন (২৮) নামে এক বাংলাদেশি যুবক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তার বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডে।

সোমবার দুপুরে প্রবাসী বাংলাদেশি সুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার বড় ভাই এনামুল হক।

তিনি বলেন, রোববার রাতে সুজনের সঙ্গে ওমানে থাকা তার এক বন্ধু মোবাইলে সুজনের মৃত্যুর বিষয়টি তাদের জানান।

তিনি আরও জানান, সাত বছর আগে ওমানে যান সুজন। সেখানে দেশি এক মালিকের অধীনে কৃষি কাজ করতেন।একবারও বাড়িতে আসেননি সুজন। স্থানীয় সময় গত শনিবার আছরের নামাজের পর মালিকের বাড়ির বাগান থেকে কাজ শেষ করে মোটরসাইকেল নিয়ে সুজন বাসায় ফিরছিলেন। সালালা শহরে নিজের বাসার কাছাকাছি পৌঁছলে একটি গাড়ি পেছন থেকে সুজনের মোটরসাইকেলে ধাক্কা দিলে ঘটনাস্থলে মারা যান।

সুজনের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছেন পরিবারের লোকজন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.