সাকিব-মুশফিক-লিটন ফেরার সিরিজে নতুন মুখ মুনীম

আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াডে ফিরেছেন সাকিব আল হাসান, লিটন কুমার দাস ও মুশফিকুর রহিম। দলে একমাত্র নতুন মুখ বিপিএলে দুর্দান্ত পারফর্ম করা মুনীম শাহরিয়ার।

সোমবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালিন ইনজুরির কারণে ছিটকে গিয়েছিলেন সাকিব। এরপর পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ খেলা হয়নি তার। বিশ্বকাপ ব্যর্থতার পর লিটনকে বাদ দেওয়া হয়েছিল। বিপিএলে আহামরি ভালো না করলেও আবার সুযোগ পেলেন তিনি। এছাড়া ফেরানো হয়েছে মুশফিকুর রহিমকে। বিশ্বকাপের পর পাকিস্তান সিরিজে তাকে বিশ্রাম দিয়েছিলেন নির্বাচকরা। যদিও মুশফিকের দাবি ছিল তাকে বাদ দেওয়া হয়েছে। এক সিরিজ পর ত্রয়ী আবার ফিরলেন টি-টোয়েন্টি ফরম্যাটে।

বিপিএলে মুনীম নজর কাড়েন আগ্রাসী ব্যাটিংয়ে। ফরচুন বরিশালের হয়ে ৬ ম্যাচে ১৭৮ রান করেছেন ১৫২ স্ট্রাইক রেটে। তার সঙ্গে এই স্কোয়াডে আছেন ইয়াসির আলী চৌধুরীও। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে ছিলেন ইয়াসির। কিন্তু তার অভিষেক হয়নি। এবার বিপিএলে ১১ ম্যাচে ২১৯ রান করেছেন ১৩৯.৪৯ স্ট্রাইক রেটে।

এদিকে দল থেকে বাদ পড়েছেন সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান, আমিনুল ইসলাম বিপ্লব, শামীম হোসেন ও আকবর আলী। সাইফ পাকিস্তানের বিপক্ষে প্রথম দুই ম্যাচের পরই বাদ পড়েছিলেন। বাকিদের বাদ দেওয়া হয়েছে সাম্প্রতিক পারফরম্যান্সের কারণে। বিপিএলে তারা কেউ-ই নিজেদের মেলে ধরতে পারেননি।

তবে টি-টোয়েন্টি দলে নাঈম শেখের টিকে যাওয়া বিস্ময় জাগানিয়া। বিপিএলে ৮ ম্যাচে মাত্র ৫০ রান করেও দলে আছেন তিনি। মিনিস্টার ঢাকার দলেও তার জায়গা স্থির ছিল না। একাদশের বাইরেও যেতে হয় বাজে পারফরম্যান্সে। এছাড়া জাতীয় দলে তার জায়গা পাকাপাকি হলেও ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে বরাবরই ছিল প্রশ্ন।গত বছর টি-টোয়েন্টিতে ২৬ ইনিংসে ৫৭৫ রান করেন। স্ট্রাইক রেট ১০০.৩৪ ।পাকিস্তান সিরিজে ১ ও ২ রানে আউট হওয়ার পর তৃতীয় ম্যাচে ৫০ বলে করেন ৪৭ রান।

মিরপুর শের-ই-বাংলায় ২ ও ৫ মার্চ আফগানিস্তানের বিপক্ষে দুইটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।

বাংলাদেশ স্কোয়াড:

মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, মুনীম শাহরিয়ার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, শেখ মেহেদী হাসান, ইয়াসির আলী চৌধুরী, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, শহীদুল ইসলাম ও নাঈম শেখ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.