শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসেও ক্ষমতাসীন দলের অঙ্গ সংগঠন ছাত্রলীগ-যুবলীগের নারকীয় তাণ্ডব অব্যাহত আছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
রাজধানী ঢাকা ও লক্ষ্মীপুরে হামলা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘এতে বিএনপির ৩৫ জন নেতাকর্মী আহত হয়েছেন।’
রিজভী বলেন, আজ মাতৃভাষা দিবসে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আওয়ামী সশস্ত্র ক্যাডাররা তাণ্ডব চালিয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের বহু নেতাকর্মীকে আহত করেছে। ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদনের সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির বিমানবন্দর থানার সাংগঠনিক ওয়ার্ড, দক্ষিণখান থানা, ৪৭ ও ৪৯ নম্বর ওয়ার্ড শাহআলী থানার ৮ নম্বর ওয়ার্ড ও ৯৩ আঞ্চলিক ওয়ার্ড ও রূপনগর থানার ৯২ নম্বর ওয়ার্ডের প্রভাতফেরিতে অংশ নেওয়া নেতাকর্মীদের ওপর পেছন থেকে আওয়ামী ছাত্রলীগ ও যুবলীগের সশস্ত্র ক্যাডাররা আক্রমণ করে। এতে রহিম ও আলাউদ্দিনসহ ২০ জনের বেশি নেতাকর্মী আহত হন।
তিনি বলেন, ‘লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা ও পৌরসভা বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলের স্থানীয় শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ্য নিবেদনের সময় যুবলীগের অস্ত্রেশস্ত্রে সুসজ্জিত একটি গ্রুপ হামলা চালায়। এতে আহত হয়েছেন ছাত্রদল সভাপতি শাহরিয়ার ফায়সাল, পৌরসভা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুলসহ ১৫ জনের অধিক নেতাকর্মী। আহত নেতাকর্মীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখানেও আওয়ামী ক্যাডাররা হামলা চালায়। তাৎক্ষণিক তাদের সেখান থেকে সরিয়ে নিয়ে একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়।’
বিএনপির এই নেতা বলেন, আওয়ামী সরকার ‘জয়বাংলা-ফ্যাসিবাদ’ প্রতিষ্ঠায় সর্বশক্তি নিয়োগ করেছে। ভাষা শহীদ দিবসেও তাদের নারকীয় তাণ্ডব অব্যাহত রয়েছে। আওয়ামী সহিংসতার কীর্তি পত্রিকার প্রথম পাতাজুড়ে প্রকাশ পেলেও নিশিরাতের সরকার ভ্রুক্ষেপহীন।
রিজভী আরও বলেন, ‘আজকের দিনেও আওয়ামী সন্ত্রাসীরা রক্ত ঝরাতে দ্বিধা করলো না। এরা গণতন্ত্রকামী জনগণকে দাবিয়ে রাখার জন্য রাষ্ট্রযন্ত্রকে যথেচ্ছাচার ব্যবহার করছে। বিশ্বে স্বৈরাচারের অতীতের সমস্ত নজির ভেঙে গোটা দেশকে জয়বাংলা-ফ্যাসিবাদের আস্তানা বানাতে তারা গণতন্ত্রের পক্ষে সোচ্চার রাজনৈতিক দল বিএনপিকে ধ্বংস করতে প্রাণঘাতী আক্রমণ চালাচ্ছে।’

