৩১ ঘণ্টা পর সিলেটে কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ

সিলেটে কুমারগাঁও জাতীয় গ্রিডের সঞ্চালন লাইনের নিয়ন্ত্রণ ট্রান্সফরমারে অগ্নিকাণ্ডের ৩১ ঘণ্টা পর কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। প্রথমে ৫টা ৫৪ মিনিটের দিকে নগরীর আম্বরখানা ও টিলাগড় এলাকায় এবং পরে সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে জিন্দাবাজারসহ আশেপাশের কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হয়।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের  প্রধান প্রকৌশলী (বিক্রয় ও বিতরণ) খন্দকার মোকাম্মেল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘প্রথমে আম্বরখানা ও টিলাগড়ে এবং পরে জিন্দাবাজারসহ কিছু জায়গায় বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। দ্রুত বাকি সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হবে। মঙ্গলবার রাত থেকে প্রায় ৪০০ কর্মী কাজ করছেন। মেরামত করা কিছু পিলার পরীক্ষামূলকভাবে চালু করা হবে। যত দ্রুত সম্ভব বাকি এলাকায় বিদ্যুৎতের আওতায় নিয়ে আসার চেষ্টা করা হবে।’

এর আগে মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে আগুন লাগার পর বিদ্যুৎহীন হয় সিলেট শহরসহ বিভাগের বেশ কয়েকটি অঞ্চল। এরপর প্রায় ৩০ ঘণ্টা চলে গেলেও আসেনি বিদ্যুৎ। ফলে নগরজুড়ে দেখা দেয় তীব্র পানি সংকট। এতে করে চরম ভোগান্তিতে পড়েন বাসিন্দারা। অনেকেই পানির সন্ধানে ড্রাম-বালতি নিয়ে বুধবার বিভিন্ন এলাকায় ঘুরে বেরিয়েছেন। আবার কেউ বা দোকান থেকে পানি কিনে ব্যবহার করেছেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.