ভেঙে গেল হবু বধূর স্বপ্ন, দ. আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি নিহত

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহত বাংলাদেশির নাম নুরুল হুদা লিটন (৩২)। তার বাড়ি ফেনীর দাগনভূঁঞা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড পূর্ব জগতপুর গ্রামে। তিনি লাল মোহাম্মদের বাড়ির এবাদুল হকের ছেলে। ২৬ জানুয়ারি শুক্রবার রাতে (বাংলাদেশ সময় শনিবার সকাল ৯টা) দক্ষিণ আফ্রিকায় জোহানেসবার্গে লিটনের নিজ ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে এ ঘটনা ঘটে।

দক্ষিণ আফ্রিকায় অবস্থানরত নুরুল হুদার ছোট ভাই নুরুল আলম ফোনে পরিবারের সদস্যদের এ তথ্য জানান। দাগনভূঁঞা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বেলায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, দক্ষিণ আফ্রিকায় অবস্থিত স্বজনদের সঙ্গে কথা হয়েছে। তার লাশ দেশে আনার প্রস্তুতি চলছে।

নুরুল হুদার জ্যাঠাতো ভাই মনির হোসেন বলেন, দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের হিলব্রু এলাকায় ব্যবসা করতেন নুরুল হুদা। সেখানে তার দুটি দোকান আছে। এর মধ্যে একটি নুরুল হুদা নিজে দেখাশোনা করতেন। আরেকটি তার ছোট ভাই নুরুল আলম চালায়।

তিনি জানান, কিছুদিন ধরে এক প্রবাসী বাংলাদেশির সঙ্গে ব্যবসায়িক লেনদেন নিয়ে নুরুল হুদার বিরোধ চলছিল। শনিবার সকাল ৯টার দিকে দোকানের সামনের সড়কে নুরুল হুদাকে একা পেয়ে সন্ত্রাসীরা গুলি করে পালিয়ে যায়। আশপাশের লোকজন দ্রুত তাকে স্থানীয় হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর তিনি মারা যান।

পারিবারিক সূত্রে জানা গেছে, ফেব্রুয়ারির ১৫ তারিখ নুরুল হুদার দেশে আসার কথা ছিল। তার বিয়ের জন্য বাড়িতে কনে দেখে রাখা হয়েছিল। তার মৃত্যুতে বিয়ের আগেই ভেঙে গেল হবু বধূর স্বপ্ন। এ জন্য বাড়িতে একতলা ভবনের কাজও শেষ করা হয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.