মানুষের মনে কোনো আনন্দ-উৎসব নেই : এমরান সালেহ প্রিন্স

সরকারের দুর্নীতি, লুটপাট, অব্যবস্থাপনাসহ দুঃশাসনে মানুষের মনে কোনো আনন্দ-উৎসব নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

আজ রোববার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

প্রিন্স বলেন, ঈদ মানে আনন্দ। একমাস সিয়াম সাধনার পর মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদ সকলের জীবনে আনন্দ নিয়ে আসে। কিন্তু এবারের রোজা ও ঈদে জনগণের কষ্ট হয়েছে। তীব্র অর্থনৈতিক সংকটে থাকা মানুষের মনে কোনো আনন্দ ছিল না। এবারের ঈদ মানুষের জন্য ছিল নিরানন্দ। সরকারের দুর্নীতি, লুটপাট, অব্যবস্থাপনাসহ দুঃশাসনে মানুষের মনে কোনো আনন্দ-উৎসব নাই।

আওয়ামী সরকার দমন-নিপীড়ন অব্যাহত রেখেছে উল্লেখ করে প্রিন্স বলেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদকে গত ৭ ডিসেম্বর বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে গ্রেফতার করা হয়। তিনি শারীরিকভাবে অসুস্থ। কারাগারে তাকে সু-চিকিৎসা দেওয়া হয় নাই। সকল মামলায় জামিন থাকলেও অন্যায়ভাবে ঠুনকো কারণে তাকে ঈদের আগে মুক্তি দেওয়া হয় নাই। এটা সরকারের কর্তৃত্ববাদী প্রতিহিংসার রাজনীতির বহিঃপ্রকাশ। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে রিজভী আহমেদ এর নিঃশর্ত মুক্তি দাবি করছি।

তিনি আরও বলেন, ঈদের একদিন আগে অর্থাৎ ২০ এপ্রিল রাতে তারাবি নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার পর রাজধানীর ওয়ারী এলাকা থেকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এ এ জহির উদ্দিন তুহিনকে পুলিশ বিনা কারণে গ্রেফতার করে নিয়ে যায়।

গত ১০ এপ্রিল আসরের নামাজের পর বাড্ডা থেকে সাদা পোশাকধারীরা জিয়া মঞ্চের সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়ালকে তুলে নেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। অবিলম্বে এ এ জহির উদ্দিন তুহিনের নিঃশর্ত মুক্তি দাবি করছি। আমরা অবিলম্বে জিয়া মঞ্চের সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়ালকে জনসম্মুখে হাজির করারও দাবি জানাচ্ছি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.