তৃতীয় দফায় ভাসানচরে পৌঁছালেন আরও ১৭৭৮ রোহিঙ্গা

তৃতীয় দফায় নোয়াখালীর ভাসানচরে পৌঁছেছেন আরও এক হাজার ৭৭৮ জন রোহিঙ্গা। আজ শুক্রবার বেলা সাড়ে ১২টায় তারা ভাসানচরে পৌঁছান। তার আগে সকাল ৯টার দিকে চট্টগ্রাম বোট ক্লাব থেকে চারটি জাহাজ এ রোহিঙ্গাদেরকে নিয়ে ভাসানচরের উদ্দেশে রওনা হয়।

অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামছু-দ্দৌজা জানিয়েছেন, আজ ও আগামীকাল শনিবার দুই দিনে তিন হাজার রোহিঙ্গাকে স্থানান্তরের প্রস্তুতি রয়েছে। গতকাল বৃহস্পতিবার ৩৮টি বাসে করে অন্তত ৩৫৩ পরিবারের ১ হাজার ৭৮৭ জনকে চট্টগ্রামে আনা হয়। আজ আরও ১ হাজার ৩০০ জনকে চট্টগ্রামে আনা হবে। সেখান থেকে তাদেরকে নৌবাহিনীর জাহাজে করে নোয়াখালীর ভাসানচরে পাঠানো হচ্ছে। গত বছরের ৪ ও ২৯ ডিসেম্বর দুই দফায় ৩ হাজার ৪৪৬ জন রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের প্রতিনিধি উখিয়া কুতুপালং ক্যাম্প-২ ইস্ট রোহিঙ্গা শিবিরের কর্মকর্তা (ইনচার্জ) মো. রাশেদুল ইসলাম জানান, ওই শিবির থেকে স্বেচ্ছায় ছয় শতাধিক রোহিঙ্গা ভাসানচরে যেতে চট্টগ্রামে গেছে।

২০১৭ সালের ২৫ আগস্ট থেকে মিয়ানমারে হত্যা ও নির্যাতনের মুখে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় ৮ লাখ রোহিঙ্গা। এর আগে আসে আরও কয়েক লাখ। বর্তমানে উখিয়া ও টেকনাফের ৩৪টি আশ্রয়শিবিরে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা সাড়ে ১১ লাখ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.