গাজীপুরে পিকআপভ্যান উল্টে ২ কাপড় ব্যবসায়ী নিহত

গাজীপুর সদরে মালবাহী পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনে ধাক্কা লেগে উল্টে গিয়ে ২ কাপড় ব্যবসায়ী নিহত হয়েছেন।

রবিবার (১৬ আগস্ট) ভোরে উপজেলার রাজেন্দ্রপুর এলকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সড়ক বিভাজনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নেত্রকোনার কলমাকান্দা মহিষাশুড় এলাকার সাকের আলীর ছেলে মো. আনোয়ার হোসেন (৩২) এবং একই জেলার দূর্গাপুর থানার সারিয়ার মাসকান্দা এলাকার মিয়াজ আলীর ছেলে মো. আমির হোসেন (৩০)।

নাওজোর মহাসড়ক থানার পরিদর্শক মো. মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, রবিবার ভোরে টঙ্গী থেকে কাপড়ের বস্তা নিয়ে ২ জন পিকআপে করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে যাওয়ার পথে রাজেন্দ্রপুর এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে পিকআপটি মহাসড়কের মাঝখানে থাকা বিভাজনে ধাক্কা খেয়ে উল্টে রাস্তার পাশে পড়ে যায়। তাতে ঘটনাস্থলেই ২ কাপড় ব্যবসায়ী নিহত হন।

খোঁজ নিয়ে জানা যায়, নিহতরা দুজনই স্থানীয় বাঘেরবাজার এলাকায় রিকশা ভ্যানে করে তৈরি পোশাক বিক্রি করতেন।

নাওজোর মহাসড়ক থানার পরিদর্শক মো. মশিউর রহমান জানিয়েছেন, পরিবারের অনুরোধে বিনা ময়নাতদন্তে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.