সাপাহার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

নওগাঁর সাপাহার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে আব্দুল বারী সাহু (৪৫) নামের বাংলাদেশি এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার ভোররাতে সাপাহার উপজেলার পাতাড়ী গ্রামের আদাতলা সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল বারী উপজেলার দক্ষিণ পাতাড়ি গ্রামের আবু বক্করের ছেলে।

নওগাঁর সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাই জানান, মঙ্গলবার রাতে কয়েকজন চোরাকারবারীর সঙ্গে গরু ব্যবসায়ী আব্দুল বারী সাহু ভারতের অভ্যন্তরে গরু আনতে যান। বুধবার ভোররাতে তারা গরু নিয়ে পাতাড়ী গ্রামের আদাতলা বিজিবি ক্যাম্পের ২৪২ মেইন পিলারের ১৩ আর এলাকা দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করেন। এ সময় ভারতের ১৫৯ বিএসএফ খুঁটাদহ ক্যাম্পের টহলরত জোয়ানরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় অন্যান্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও আব্দুল বারী গুলিবিদ্ধ হন। আহত অবস্থায় হামাগুড়ি দিয়ে ভারতীয় সীমান্ত পেরিয়ে নোম্যান্স ল্যান্ডের পুর্নভবা নদীতে এসে পড়েন তিনি। এরপর ভোরে তার অপর সঙ্গীরা বাড়িতে সংবাদ দিলে সকালে পরিবারের লোকজন নদীর কিনার থেকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তার মৃত্যু হয়। লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

এ ব্যাপারে সাপাহার উপজেলার আদাতলা বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল হান্নান জানান, নিহত ব্যক্তি বিজিবির তালিকাভুক্ত চোরাকারবারী। তিনি ভোররাতে ভারতের অভ্যন্তর থেকে গরু নিয়ে দেশে প্রবেশের চেষ্টা করলে ভারতের খুঁটাদহ ক্যাম্পের বিএএসএফ সদস্যদের ছোড়া গুলিতে আহন হন। পরে সকালে তার মৃত্যু হয়।

এর আগে গত সোমবার ভোরে জেলার পোরশো উপজেলার নিতুপুর সীমান্তে ভারতের অভ্যন্তরে সুভাস চন্দ্র রায় নামের এক যুবককে বিএসএফ গুলি করে হত্যার পর লাশ নিয়ে যায়। বুধবার বিকেল ৪টার পর্যন্ত ওই যুবকের লাশ ফেরত দেয়নি বিএসএফ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.