শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করেছেন নবনিযুক্ত মন্ত্রীরা।
শনিবার (২২ আগস্ট) রাজধানীর জিয়া উদ্যানে অবস্থিত জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা। এ সময় তারা মাজারে ফাতেহা পাঠ ও দোয়া-মোনাজাত করেন।
শ্রদ্ধা নিবেদনকারীদের মধ্যে ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আব্দুল মঈন খান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন।
এ সময় তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন।
সরকার গঠনের ছয় পার হওয়ার পর শুক্রবার (২১ আগস্ট) মন্ত্রিসভায় প্রথম দফার রদবদল করা হয়। এখানে দপ্তর বদলের পাশাপাশি মন্ত্রিসভায় নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী নিয়োগ পেয়েছেন।
নতুন মন্ত্রী হিসেবে শপথ নেন আব্দুল মঈন খান, এম রশিদুজ্জামান মিল্লাত, সাচিং প্রু এবং আন্দালিভ রহমান পার্থ। মন্ত্রীদের শপথের পর প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন হুমায়ন কবির এবং শামীম কায়সার।
শপথের পর রাতে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মধ্যে দপ্তরের দায়িত্ব বণ্টন ও পুনর্বণ্টন করা হয়।

