দিল্লি পৌঁছতেই আটক হলেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে সহ আরও দুই নেতা সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কা। শনিবার অভিজিৎ দীপকেদের বিমান দিল্লিতে নামতেই বিমানের মধ্যেই মহিলা পুলিশকর্মীরা চলে আসেন। সেখান থেকেই তাঁদের তিনজনকে আটক করা হয়।
শনিবার সকালেই দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে নামে অভিজিৎ দীপকেদের এয়ার ইন্ডিয়ার বিমান। তাঁরা বিমান থেকে নামার আগেই ভিতরে চলে আসেন বেশ কয়েকজন মহিলা পুলিশকর্মী।
বিমানবন্দরের বাইরেও প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে। ইতিমধ্যেই, গোটা ঘটনার একটি ভিডিও পোস্ট হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
দীপকেকে বলতে শোনা গিয়েছে, ‘আমি প্রস্তুত ছিলাম। আপনারা আমাদের বিমান থেকে নামা পর্যন্ত অপেক্ষা করতে পারতেন। আসুন, আমাদের গ্রেপ্তার করুন। আমরা ভয় পাই না।’
সিজেপির এই কর্মসূচি প্রসঙ্গে ইন্ডিয়া জোট সহ বিরোধীদের তীব্র আক্রমণ করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। রাহুল গান্ধী, অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন তিনি।
নবীনের অভিযোগ, ‘রাহুল গান্ধীর নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট, ককরোচ জনতা পার্টি এবং অরবিন্দ কেজরিওয়ালের ঘনিষ্ঠ সহযোগীরা দেশকে অশান্ত করার চেষ্টা করছেন।’ তাঁর দাবি, রাজনৈতিক স্বার্থ ও বিদেশি শক্তির প্রভাবে এই কাজ করা হচ্ছে।
নীতিন নবীন বলেন, ‘আজ দেশে অত্যন্ত বিপজ্জনক ও গুরুতর পরিস্থিতি তৈরি করার চেষ্টা চলছে। ১৪০ কোটি মানুষ যে দেশে শান্তি ও সম্প্রীতির সঙ্গে বসবাস করছেন এবং দেশের উন্নয়নে একসঙ্গে অবদান রাখছেন, সেই দেশকে অশান্ত করার চেষ্টা চলছে।’

