বিপর্যস্ত পিছু ছাড়ছে না নেপালের। আবারও ভয়াবহ হড়পা বানের ধাক্কায় বিপর্যস্ত নেপাল। জলের তোড়ে ভেসে গেল একের পর এক বাড়ি। ঘরছাড়া বহু মানুষ। নদী তীরবর্তী এলাকায় সতর্কতা জারি করা হল তড়িঘড়ি।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, আজ, রবিবার সকালে নেপালের বুধি গণ্ডকী নদীতে হড়পা বান নামে। আচমকা নদীর জলস্তর বাড়তে থাকে। স্থানীয়রা জানিয়েছেন, এদিন সকাল থেকে কোথাও বৃষ্টি হয়নি। এমনকী নদীর জলস্তর স্বাভাবিক ছিল। হঠাৎ পাহাড় থেতে বিপুল জলস্রোত নেমে আসতে দেখা যায়। খানিকক্ষণ পরেই জানা যায়, বুধি গণ্ডকী নদীতে হড়পা বান নেমেছে। এই হড়পা বানে একটি সেতুও ভেসে গিয়েছে।
জানা গিয়েছে, গতকাল রাতে ধস নেমে একটি অস্থায়ী লেক তৈরি হয়েছিল। রবিবার সকালে জলের চাপে সেই অস্থায়ী লেক ফেটে হড়পা বান নামে। নেপালের গোরখা অঞ্চলের পাহাড় থেকে এই হড়পা বান নেমে আসে বলেই প্রশাসনের তরফে জানানো হয়েছে।
হড়পা বানের পরেই গোরখা, ধাদিং, চিতোয়ান, তানাহুনের নদী-পাড়ে সতর্কতা জারি করা হয়েছে। নদী তীরবর্তী এলাকা থেকে স্থানীয়দের সরে যেতেও নির্লদেশ দেওয়া হয়েছে। প্রশাসনের তরফে আরও জানানো হয়েছে, এদিনের হড়পা বানে এখনও পর্যন্ত ৩৫টি বাড়ি ভেসে গিয়েছে। ১টি লোহার ব্রিজ, ২টি সাসপেনশন ব্রিজ ভেঙেছে। তবে হতাহতের খবর নেই।

