বার্লিন, ১১ অক্টোবর ২০২৬: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরীর সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার দাবিতে জার্মানির বার্লিনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার ঐতিহাসিক ব্রান্ডেনবুর্গ গেটের সামনে আয়োজিত এ সমাবেশে প্রবাসী বাংলাদেশি, শিক্ষক, গবেষক, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীরা অংশ নেন। উপস্থিত ছিলেন অধ্যাপক ওয়াহেদ চৌধুরীর স্ত্রী ও দুই সন্তান।
গত ১২ সেপ্টেম্বর ব্যক্তিগত ফেসবুক পোস্টকে কেন্দ্র করে অধ্যাপক ওয়াহেদ চৌধুরীকে সাময়িক বরখাস্ত করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রতিবাদকারীদের দাবি, লক করা ব্যক্তিগত প্রোফাইলে বন্ধুদের উদ্দেশে দেওয়া ওই পোস্টে তিনি গণতন্ত্র ও সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিজের মতামত প্রকাশ করেছিলেন। বর্তমানে বার্লিনের মিউজিয়াম ফ্যুর নাটুরকুন্ডে অতিথি বিজ্ঞানী হিসেবে গবেষণারত এই অধ্যাপকের বরখাস্তের সিদ্ধান্ত তাঁর আন্তর্জাতিক গবেষণা ও সহযোগিতায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তাঁরা। হৃদ্রোগের চিকিৎসা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং জার্মানিতে বসবাসরত তাঁর পরিবারের অনিশ্চয়তার বিষয়টিও সমাবেশে উঠে আসে।
এদিকে, অধ্যাপকের বন্ধু, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের উদ্যোগে গত ৭ অক্টোবর বরখাস্তের আদেশ পুনর্বিবেচনা, নিরপেক্ষ তদন্ত এবং আত্মপক্ষ সমর্থনের ন্যায্য সুযোগ নিশ্চিত করার দাবিতে একটি লিখিত আবেদন প্রস্তুত করা হয়। আয়োজকদের তথ্য অনুযায়ী, এতে ইতিমধ্যে শতাধিক ব্যক্তি স্বাক্ষর করেছেন। অধ্যাপক ওয়াহেদ চৌধুরী তদন্ত কমিটিকে লিখিত জবাব দিয়েছেন এবং নিজের বক্তব্য উপস্থাপনে উপস্থিত হওয়ার আগ্রহ জানিয়েছেন। সমাবেশ থেকে তাঁর বরখাস্তের সিদ্ধান্ত পুনর্বিবেচনা এবং মতপ্রকাশ ও একাডেমিক স্বাধীনতা সমুন্নত রেখে ন্যায়সংগত সমাধানের আহ্বান জানানো হয়।
সাকী চৌধুরী, বার্লিন থেকে

