আমাকে অপহরণ করা হয়েছিল : ধ্রুব রাঠি

দিল্লির যন্তর মন্তরে শনিবার ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ কর্মসূচির আগে পুলিশ ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করেছিল। পরে গভীর রাতে তাকে ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছেন এক পুলিশ কর্মকর্তা। তবে রাঠি দাবি করেছেন, তাকে অপহরণ করা হয়েছিল।

 

ভোটার তালিকা সংশোধনের বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত বিক্ষোভে অংশ নিতে যাতে কেউ যন্তর মন্তরে পৌঁছাতে না পারে, সেজন্য রাজধানীজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। এরই অংশ হিসেবে শনিবার গুরুগ্রামের সেক্টর ৫৬-তে অবস্থিত নিজের বাড়ি থেকে রাঠিকে আটক করা হয়।

পিটিআই-কে এক পুলিশ কর্মকর্তা বলেন, “নিষেধাজ্ঞা অমান্য করে যন্তর মন্তরে যাওয়ার চেষ্টা করলে তাকে আবারো আটক করা হতে পারে বা তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে।”

পরবর্তীতে রাঠি দাবি করেন, তাকে আটক করা হয়নি, বরং ‘অপহরণ’ করা হয়েছিল।

 

বাড়ি ফেরার পর ‘এক্স’ -এ দেওয়া এক পোস্টে রাঠি বলেন, “আমাকে গ্রেপ্তার বা আটক করা হয়নি, আমাকে অপহরণ করা হয়েছিল। আপনাদের সমর্থনের জন্য ধন্যবাদ।”

 

ককরোচ জনতা পার্টি এক্স-এ এক পোস্টে অভিযোগ করেছে, শনিবার সকাল ৮টার দিকে সাদা পোশাকে প্রায় ৫০ জন পুলিশ সদস্য রাঠির বাড়িতে এসে তাকে আটক করে নিয়ে যায়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.