সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া বিবৃতিতে জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানান, বিমানবন্দরের ৪ নম্বর টার্মিনালে ‘অজ্ঞাত একটি বস্তু’ আঘাত হানে।
এতে সেখানে আগুনের সূত্রপাত হয়। ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণ ও পরিস্থিতি সামাল দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে বলেও জানান তিনি।
রোববারের সর্বশেষ ঘটনায় আগুন লাগার খবর পাওয়া গেলেও হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। ‘অজ্ঞাত বস্তুটি’ কী ছিল, সেটিও স্পষ্ট নয়।
এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষের বিস্তারিত বক্তব্যের অপেক্ষা করা হচ্ছে।
এর আগে শনিবার একই বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ১২ জন নিহত এবং ৩০৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছে সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। নিহতদের মধ্যে চারজন সৌদি নাগরিক ছাড়াও বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, মিসর, জর্ডান, সিরিয়া, ফিলিস্তিন ও সুদানের নাগরিক ছিলেন। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
সৌদি নেতৃত্বাধীন জোট এসব হামলার জন্য ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের দায়ী করেছে। জোটের দাবি, বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে এ ধরনের হামলা যুদ্ধাপরাধের শামিল। শনিবারের হামলার পর থেকেই বিমানবন্দরটির কার্যক্রম স্থগিত রয়েছে। এর ফলে বহু ফ্লাইট বাতিল হয়েছে এবং যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।

