‘কেমন আছ’, স্পষ্ট বাংলায় ভাষণ মামদানির !

হাই স্কুলের পড়ুয়াদের জন্য বিনামূল্যে দেওয়া হচ্ছে নিউ ইয়র্কে ব্রডওয়ের মতো থিয়েটার শো’র টিকিট। লটারির মাধ্যমে ২০০০ ফ্রি টিকিট বিলি করা হবে। আর এই ঘোষণা গোটাটাই করা হল বাংলায়! স্পষ্ট বাংলায় ভিডিও বার্তা দিয়েছেন নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি (Zohran Mamdani)। তাঁর বাংলায় ঘোষণা করার ভিডিও এখন সোশাল মিডিয়ায় ভাইরাল।

ওই কর্মসূচির প্রচারের জন্য মামদানি বিভিন্ন ভাষায় ভিডিও শেয়ার করেছেন। ভাষাগুলোর মধ্যে বাংলা ও মান্দারিনও ছিল। কিন্তু তাঁর বাংলা ভিডিওটি অনলাইনে দর্শকদের বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করে। নিউ ইয়র্কে বিপুল সংখ্যক বাংলাভাষী বসবাস করেন। বিশেষ করে দ্য ব্রংকস-এর কয়েকটি এলাকায় বাংলাভাষী সম্প্রদায়ের সংখ্যা উল্লেখযোগ্য। মামদানির সমর্থকদের মধ্যেও বাংলাভাষী মানুষের সংখ্যা উল্লেখযোগ্য। সেই কারণেই বাংলায় এই ঘোষণা করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

তাঁর বাংলা ভাষার ভিডিওতে, মামদানি প্রথমে নিউ ইয়র্ক সিটির হাই স্কুল শিক্ষার্থীদের বাংলায় সম্বোধন করেন। বলেন, “কেমন আছ নিউ ইয়র্ক সিটির হাই স্কুল পড়ুয়ারা?” এরপর বাংলায় ব্রডওয়ের টিকিট বিতরণের বিষয়টি ব্যাখ্যা করেন। বলেন, “আমরা নিউ ইয়র্ক সিটির পক্ষ থেকে ব্রডওয়ে শো দেখার জন্য ২,০০০ এর বেশি ফ্রি টিকিট দিচ্ছি।” মামদানি ছাত্রছাত্রীদের এও জানান যে লটারি শুরু হয়ে গিয়েছে এবং এতে অংশ নিলে যে অতিরিক্ত টিডিএফ সদস্যপদ পাওয়া যাবে, সে কথাও তাদের মনে করিয়ে দেন। শেষে তিনি বলেন, “ঠিক আছে, তাহলে দেখা হবে শো-তে।”

 

ভারতীয় চিত্র পরিচালক মীরা নায়ার এবং উগান্ডা বংশোদ্ভূত মাহমুদ মামদানির ছেলে জোহরান মামদানি। একাধিক ভাষায় দক্ষতা রয়েছে তাঁর। সেই তালিকায় রয়েছে বাংলা, হিন্দি, উর্দুও। নিউ ইয়র্কের মতো বহুভাষিক শহরের মেয়র পদে লড়ার সময়ে একাধিক ভাষার দক্ষতা সামনে এনেছিলেন তিনি। আগেও তাঁর বাংলায় কথা বলার ভিডিও সামনে এসেছিল, প্রচারের জন্যই ব্যবহার করেছিলেন সেটি। হিন্দিতেও সাবলীল ভাবে ভোট প্রচার করতে দেখা গিয়েছে তাঁকে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.