১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

 

স্বামী তৌফিক নেওয়াজের দাফন-কাফনে অংশ নিতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন কারাবন্দি সাবেক মন্ত্রী দীপু মনি।

বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তাকে প্যারোলে মুক্তির অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেজাউল করিম।

বর্তমানে মুন্সীগঞ্জ জেলা কারাগারে থাকা দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলামও এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনির স্বামীর মৃত্যুর ঘটনায় মানবিক বিবেচনায় তাকে প্যারোলে মুক্তি দিতে আবেদন করে তার পরিবার।

বুধবার (১৯ আগস্ট) মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কাছে পরিবারের পক্ষে এ আবেদন করেন তার আইনজীবী অ্যাডভোকেট গাজী ফয়সাল ইসলাম।

এদিন বেলা ১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে দীপু মনির পরিবারের সদস্যরা ও তার আইনজীবী উপস্থিত হন।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে দীপু মনির মেয়ে তানি দিপাবলী নেওয়াজ কারাগারে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন। পরে দীপু মনির সঙ্গে আলোচনা ও পরামর্শ করে পরিবারের পক্ষ থেকে প্যারোলে মুক্তির আবেদন করেন আইনজীবী। এ সময় দীপু মনির পরিবারের তিন সদস্য ও তার আইনজীবী জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত ছিলেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ মারা যান। তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের বিভিন্ন জটিলতায় ভুগছিলেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.