রাজশাহী-ঢাকা রুটে বিরতিহীন আন্তঃনগর এক্সপ্রেস বনলতার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

রাজশাহী-ঢাকা রুটে বিরতিহীন আন্তঃনগর এক্সপ্রেস বনলতার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ট্রেনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

রাজশাহী থেকে ভিডিও কনফারেন্সে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

বনলতা এক্সপ্রেসের উদ্বোধনের পর প্রধানমন্ত্রী বলেন, সামনে ঈদ আসছে। আর এই বিরতিহীন ট্রেনের মাধ্যমে ঈদে মানুষ দ্রুত বাড়ি যেতে পারবে।

এছাড়া সামনে জৈষ্ঠ মাস আসছে। রাজশাহী আমের জন্য বিখ্যাত। এই ট্রেনের মাধ্যমে রাজশাহীর আম ঢাকায় দ্রুত চলে আসবে।

তিনি বলেন, আমার কেন জানি মনে হয় রাজশাহীর ওই অঞ্চলটার তেমন কোনো উন্নতিই হয়নি। জানি না কেন সেখানে কোনো কোনো শিল্প কারখানা গড়ে ওঠেনি।সেখানকার অর্থনৈতিক অঞ্চলগুলোরও তেমন একটা উন্নতি হয়নি।

তিনি বলেন, আমরা সেজন্য ওই দিকটায় বিশেষভাবে দৃষ্টি দিচ্ছি যাতে ওখানে মানুষের কর্মসংস্থান বাড়ে আর তাদের জীবনমান যাতে আরও উন্নত হয়।

‘উত্তরবঙ্গকে মঙ্গাপীড়িত না রেখে আমরা মঙ্গামুক্ত করছি। পাশাপাশি আমরা চাচ্ছি এই অঞ্চলের মানুষের আর্থসামাজিক অবস্থার আরও উন্নতি হোক’-বলেন প্রধানমন্ত্রী।

এদিকে প্রথম দিন বনলতা ট্রেনটিতে ভ্রমণে কোনো টিকিট লাগবে না বলে জানিয়েছেন রেল কর্তৃপক্ষ।

পশ্চিমাঞ্চল রেলসূত্রে জানা গেছে, বনলতায় থাকছে ইন্দোনেশিয়া থেকে আমদানি করা ১২টি নতুন কোচ।

শুদ্ধস্বর/আইপি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.