শনিবার (১০ অক্টোবর) সকালে গুরগাঁওয়ের সেক্টর ৫৬-তে তাঁর বাসা থেকে তাকে আটক করা হয় বলে নিউজ১৮-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, দিল্লিতে সিজেপির ডাকা বিক্ষোভে অংশ নেওয়ার পরিকল্পনা ছিল ধ্রুব রাঠির। তবে বিক্ষোভে যোগ দিতে যাওয়ার আগেই তাকে আটক করে পুলিশ।
নিউজ১৮ জানিয়েছে, শনিবার সকাল প্রায় ৭টা ৪৮ মিনিটে দিল্লি পুলিশের একটি দল ধ্রুব রাঠির বাসায় প্রবেশ করে। এ সময় তার মা দরজা খুলে দেন।
প্রতিবেদনে আরও বলা হয়, এর আগে বৃহস্পতিবার গভীর রাতে তার বাসার বাইরে প্রায় ৫০ জন পুলিশ সদস্য জড়ো হয়েছিলেন।
তবে ধ্রুব রাঠিকে আটকের সুনির্দিষ্ট কারণ এবং তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে, সে বিষয়ে প্রতিবেদনে বিস্তারিত তথ্য জানানো হয়নি।
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে কয়েক দিন ধরে নয়াদিল্লিতে প্রতিবাদ কর্মসূচি চলছে। এর ধারাবাহিকতায় শনিবার যন্তর মন্তরে জমায়েতের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি) ও কয়েকটি ছাত্র সংগঠন।

