এতদিন ছিলেন ‘গোপন’ ছবির স্টার, এবার প্রকাশ্য আইনসভায় অধিকারের মুখ !

অ্যাডাল্ট কনটেন্ট ক্রিয়েটরদের সামাজিক সুরক্ষা এবং মৌলিক অধিকার আদায়ের লড়াইকে হাতিয়ার করে কলম্বিয়ার রাজনীতিতে এক নজিরবিহীন ইতিহাস গড়লেন প্রাক্তন পর্ন তারকা ডেইসি আলেজান্দ্রা ওমানা অর্টিজ। এক্স-রেটেড জগতে ‘আমারান্টা হাঙ্ক’ নামে পরিচিত ৩৩ বছর বয়সী এই মহিলা সোমবার বোগোটায় কলম্বিয়ার সেনেটর হিসেবে শপথ গ্রহণ করেছেন। তিনি বামপন্থী ‘হিস্টোরিক প্যাক্ট’ দলের প্রতিনিধি হিসেবে পার্লামেন্টে পা রাখলেন।

কলম্বিয়ান সংবাদমাধ্যম লা অপিনিয়ন-এর প্রতিবেদন অনুযায়ী, অর্টিজ অতীতে পেশায় একজন সাংবাদিক ছিলেন। ২০১৭ সালে তিনি পর্ন ইন্ডাস্ট্রিতে যোগ দেন এবং দুই বছর কাজ করার পর ২০১৯ সালে সেই পেশা ছেড়ে সক্রিয় রাজনীতিতে প্রবেশ করেন। চলতি বছরের মার্চ মাসে নর্টে দে সান্তান্দার অঞ্চল থেকে তিনি নির্বাচিত হন।

 

শপথ নেওয়ার পর অর্টিজ স্পষ্ট জানিয়েছেন, তাঁর প্রধান লক্ষ্য হলো দেশে অ্যাডাল্ট কনটেন্ট ক্রিয়েটরদের জন্য উপযুক্ত সামাজিক নিরাপত্তা সুনিশ্চিত করা। প্রচার ভিডিওতে সমাজ ও রাষ্ট্রের মানসিকতাকে কাঠগড়ায় তুলে তিনি বলেন, “ভুল তথ্য, কুসংস্কার এবং সামাজিক দ্বিমুখী নীতির কারণে এই ক্ষেত্রের মহিলারা  চিরকাল রাষ্ট্রের সুরক্ষা থেকে বঞ্চিত থেকে গেছেন। কারণ কেউ এই ক্ষেত্রটিকে আইনি কাঠামোর আওতায় আনার উদ্যোগ নেয়নি”।

পর্ন তারকাদের রাজনীতিতে আসা নিয়ে সমালোচকদের তোলা প্রশ্নকেও কড়া ভাষায় প্রত্যাখ্যান করেছেন তিনি। সত্তরের দশকের তারকা ইলোনা স্ট্যালারের উদাহরণ টেনে, যিনি পরবর্তীতে ইতালির আইনপ্রণেতা হয়েছিলেন, অর্টিজ প্রশ্ন তোলেন, “অ্যাডাল্ট ইন্ডাস্ট্রিতে কাজ করা কোনও  মহিলা  কেন জনগণের ভোটে নির্বাচিত হওয়ার স্বপ্ন দেখতে পারবেন না?” তিনি আরও যোগ করেন, “আমার এই জীবনঅভিজ্ঞতা আমাকে সামাজিক বৈষম্য, স্বাধীনতার লড়াই এবং সাধারণ অর্থনীতির বাস্তবতা বুঝতে শিখিয়েছে। সমাজ অ্যাডাল্ট ছবি উপভোগ করে, কিন্তু আমাদের ক্ষমতার কেন্দ্রে এসে কথা বলার অধিকার দিতে চায় না”।

উল্লেখ্য, কলম্বিয়ার বিদায়ী প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর দল ‘হিস্টোরিক প্যাক্ট’ দেশের সেনেটে সবচেয়ে বড় দল, যাদের ঝুলিতে রয়েছে ২৫টি আসন। এই দলের প্রার্থী তালিকার ২৩ নম্বরে থাকা অর্টিজ নির্বাচনে জয়লাভ করেন। অ্যাডাল্ট ক্রিয়েটরদের অধিকার রক্ষার পাশাপাশি মানসম্মত মানসিক স্বাস্থ্য পরিষেবা এবং যৌন নির্যাতন প্রতিরোধের পক্ষেও সওয়াল করছেন এই নবনির্বাচিত সেনেটর।

অন্যদিকে, রাজনৈতিক পটপরিবর্তনের মধ্য দিয়ে আগামী ৭ আগস্ট কলম্বিয়ার নতুন রক্ষণশীল প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে চলেছেন আবেলফোর্দো দে লা এস্প্রিয়েলা। তবে অর্টিজের মতে, রাজনৈতিক রূপান্তরের যে সূচনা ইতিমধ্যেই হয়ে গেছে, তা দেশের প্রশাসনিক ধারায় এক দীর্ঘমেযাদী প্রভাব ফেলবে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Discover more from শুদ্ধস্বর ডটকম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading