দাবানলে পুড়ছে দক্ষিণ ইউরোপ, গ্রিসে ২ ফায়ার ফাইটারের মৃত্যু

দক্ষিণ ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে দাবানল। এর মধ্যে গ্রিসের ক্রিট দ্বীপে আগুন নেভাতে গিয়ে দুজন দমকলকর্মীর মৃত্যু হয়েছে।

ক্রিটের রেথিমনো এলাকায় প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে কয়েকটি গ্রামের মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
আগুন নেভানোর সময় ওই দুই দমকলকর্মী আগুনের মধ্যে আটকা পড়ে প্রাণ হারায়। 

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি বৃহস্পতিবার (৩০ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

 

প্রতিবেদন অনুযায়ী, গ্রিসের পারোস ও লেসবস দ্বীপ এবং মূল ভূখণ্ডের ট্রিফিলিয়া এলাকাতেও নতুন করে দাবানল দেখা দিয়েছে। এদিকে, তুরস্কের মুগলা প্রদেশেও বড় ধরনের আগুন লেগেছে।

এতে ফেথিয়ে থেকে আন্তালিয়া যাওয়ার প্রধান সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে এবং একটি হাসপাতালের কিছু অংশ খালি করা হয়েছে। 

অন্যদিকে, স্পেন ও ফ্রান্সে এ গ্রীষ্মের চতুর্থ তাপপ্রবাহ শুরু হয়েছে। সেখানে দমকল বাহিনী সম্প্রতি নিয়ন্ত্রণে আনা দাবানল যেন আবার ছড়িয়ে না পড়ে, সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একসঙ্গে কয়েকটি জায়গায় আগুন লাগে এবং খুব দ্রুত ছড়িয়ে পড়ে। সবচেয়ে বড় আগুনের বিস্তার ছিল প্রায় ১৫ কিলোমিটার।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, আগামী ১২ ঘণ্টা আগুন নিয়ন্ত্রণে আনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ তাপমাত্রা বাড়ছে, বাতাসে আর্দ্রতা কমছে এবং দমকা হাওয়ার আশঙ্কা রয়েছে।

স্পেনের আভিলা প্রদেশের বুরগোহোন্দো এলাকায় ইতোমধ্যে ৪৩ হাজার হেক্টরের বেশি জমি পুড়ে গেছে। এটি এখন পর্যন্ত স্পেনের ইতিহাসে সবচেয়ে বড় দাবানল হিসেবে বিবেচিত হচ্ছে। এ বছর দেশটিতে মোট ২ লাখ ৭ হাজার হেক্টরের বেশি জমি আগুনে পুড়ে গেছে।

দাবানল নিয়ন্ত্রণে থাকা কর্মকর্তা ফ্রান্সিসকো বোলানিওস বলেছেন, রাতে আগুন আর ছড়ায়নি। তবে তাপমাত্রা বাড়লে আবার আগুন জ্বলে ওঠার আশঙ্কা রয়েছে। তাই ১৮০ কিলোমিটার দীর্ঘ আগুনের সীমারেখা নিরাপদ রাখার চেষ্টা চলছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.