চীনের কূটনীতির অন্যতম জনপ্রিয় ‘দূত’দের পা চারটি, গায়ে সাদা-কালো লোম। বিশাল চেহারা হলেও মানুষের মন জয় করতে তাদের জুড়ি মেলা ভার। সেই পান্ডাই ফের একবার সামনে এনে দিল আমেরিকা-চীন সম্পর্কের এক নরম ছবি। মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় সফরে যাওয়ার আগে প্রেসিডেন্ট শি জিনপিং আটলান্টার চিড়িয়াখানায় দুটি জায়ান্ট পান্ডা পাঠানোর ঘোষণা করেছেন। আগামী কয়েক দিনের মধ্যেই চেংদুর একটি গবেষণা কেন্দ্র থেকে পান্ডা দুটিকে আমেরিকায় আনা হতে পারে।
পান্ডা দুটির নাম পিং পিং ও ফু শুয়াং। তাদের আগমনের ফলে ২০২৪ সালের নভেম্বরের পর ফের আটলান্টা চিড়িয়াখানায় জায়ান্ট পান্ডা দেখা যাবে। এর আগে সেখানে থাকা চারটি পান্ডাকে চীনে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল।
কিন্তু চীন কেন বারবার বিদেশে পান্ডা পাঠায়? এর পিছনে রয়েছে দীর্ঘদিনের ‘পান্ডা ডিপ্লোম্যাসি’ বা পান্ডা কূটনীতি।
চীন বহু দশক ধরে জায়ান্ট পান্ডাকে বিভিন্ন দেশের সঙ্গে বন্ধুত্ব ও সুসম্পর্কের প্রতীক হিসেবে ব্যবহার করে আসছে। ১৯৭২ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের ঐতিহাসিক চীন সফরের পর ওয়াশিংটনের ন্যাশনাল জু-তে দুটি পান্ডা পাঠিয়েছিল বেজিং। লিং-লিং এবং হসিং-হসিং নামের সেই পান্ডাদের দেখতে প্রথম বছরেই প্রায় ১০ লক্ষের বেশি মানুষ ভিড় করেছিলেন। ফলে মার্কিন-চীন সম্পর্কের ক্ষেত্রে পান্ডা হয়ে ওঠে এক জনপ্রিয় প্রতীক।
১৯৮৪ সাল থেকে অবশ্য চীনের নীতি বদলায়। স্থায়ীভাবে পান্ডা উপহার দেওয়ার পরিবর্তে দীর্ঘমেয়াদি ঋণ বা লিজের ভিত্তিতে বিদেশে পাঠানো শুরু হয়। সাধারণত এর সঙ্গে বার্ষিক ফি জড়িত থাকে। বিদেশে জন্ম নেওয়া পান্ডার শাবকরাও চীনের মালিকানাতেই থাকে।
সময়ের সঙ্গে পান্ডার উপস্থিতি কূটনৈতিক সম্পর্কের ইঙ্গিত হিসেবেও দেখা হয়েছে। নতুন পান্ডা পাঠানোকে অনেক সময় বন্ধুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখা হয়, আবার পান্ডা দেশে ফিরিয়ে নেওয়া হলে তা দুই দেশের সম্পর্কের টানাপোড়েনের প্রতীক হয়ে ওঠে।
সাম্প্রতিক সময়ে আমেরিকা-চীনের মধ্যে বাণিজ্য, তাইওয়ান-সহ একাধিক ইস্যুতে উত্তেজনা বেড়েছে। সেই পরিস্থিতিতে ২০২৪ সালে আটলান্টার শেষ চারটি পান্ডাকেও চীনে ফিরিয়ে নেওয়া হয়েছিল। তাই জিনপিংয়ের নতুন করে পান্ডা পাঠানোর ঘোষণা বিশেষ তাৎপর্যপূর্ণ।
তবে এই পান্ডা কূটনীতি বড় কোনও রাজনৈতিক বা বাণিজ্যিক সমস্যার সমাধান করবে না। কিন্তু সাধারণ মানুষের কাছে দুই দেশের সম্পর্কের একটি অপেক্ষাকৃত কোমল ছবি তুলে ধরতে পারে। বেজিংয়ের তরফে জানানো হয়েছে, আমেরিকায় জন্ম নেওয়া পান্ডাদের মধ্যে এখনও পর্যন্ত ১৭টি শাবক রয়েছে।
এদিকে জিনপিংয়ের সফরের সময় কৃত্রিম বুদ্ধিমত্তা, শুল্ক, গুরুত্বপূর্ণ খনিজ, তাইওয়ান-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা। পাশাপাশি আগামী পাঁচ বছরে ১ লক্ষ তরুণ আমেরিকানকে চীনে পড়াশোনার সুযোগ দেওয়ার কথাও জানিয়েছেন জিনপিং। সব মিলিয়ে, তীব্র প্রতিযোগিতার মধ্যেও যোগাযোগের দরজা খোলা রাখার বার্তা দিচ্ছে দুই দেশ। আর সেই কূটনীতির নরম মুখ হয়ে উঠছে আটলান্টার পথে দুই জায়ান্ট পান্ডা।

