জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন নামঞ্জুর

রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার শুনানি শেষে তাদের জামিনের আবেদন নামঞ্জুর করেন।

আসামিদের পক্ষে আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী), তাছলিমা জাহান পপি জামিন চেয়ে আবেদন করেন।

জামিন নামঞ্জুর হওয়া আসামিরা হলেন দিদারুল আলম তুহিন, ইমান আহমেদ ইমন, মোল্লা মো. শাহজাহান সিরাজ, জয় সরকার, মিরাজ আহমেদ, মিরাজ মালিথা, রবিউল ইসলাম, মিলন কুমার মহন্ত, কাউসার হোসেন, শ্রী অঞ্জন শীল, জালাল উদ্দিন মন্ডল, আব্দুল লতিফ, শামীম আহমেদ, আহম্মেদ আহসান হাবিব, সুজন আলী, তসিকুল ইসলাম, সাইফুল্লাহ সায়েক, নয়ন আলী, সাজিদুল ইসলাম তুহিন, তাজুল ইসলাম, নিষ্কর সম্রাট হোসেন তালুকদার, আনোয়ার হোসেন, আলমগীর হোসেন, আল আমিন হাওলাদার, তুষার আলী, রাসিদুল হক ও মীর মুক্তিসুর রহমান।

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে অস্থিতিশীল ও বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির অভিযোগের মামলায় পল্টন মডেল থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম গতকাল রোববার ২৭ জনকে কারাগারে পাঠানোর আবেদন করেন।

কারাগারে আটক রাখার আবেদনে বলা হয়, আসামিরা জাসদের প্রধান কার্যালয়ের ভেতরে ‘জয় বাংলা’ শ্লোগান দিয়ে অস্থিতিশীল ও বিশৃঙ্খলাপূর্ণ পরিবেশ সৃষ্টি করে। পল্টন মডেল থানাপুলিশ এবং স্থানীয় উপস্থিত লোকজনদের সহযোগিতায় গত শনিবার বিকেল ৪টা ১০ মিনিটের দিকে তাদের আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করলে ঘটনাস্থলে আসার বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি। আসামিরা কোনো ধর্তব্য অপরাধের সঙ্গে জড়িত থাকতে পারে মর্মে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এজন্য তাদের আপাতত ফৌজদারি কার্যবিধি ব আইনের ৫৪ ধারা মোতাবেক আটক করে সুষ্ঠ তদন্তের স্বার্থে কারাগারে আটক রাখা একান্ত প্রয়োজন।

রাজধানীর গুলিস্তানে জাসদ প্রধান কার্যালয়ে শনিবার বিকেল ৪টার দিকে অভিযান চালিয়ে প্রায় ৩০০ জনকে হেফাজতে নেয় পুলিশ। অভিযান শেষে সন্ধ্যায় পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ বলেছিলেন, ‘আমি নির্দিষ্ট সংখ্যাটা এ মুহূর্তে বলতে পারছি না, তবে সংখ্যাটা ২৮০ থেকে ৩০০ জনের কাছাকাছি হবে।’

শনিবার দুপুর ৩টায় দলটির কার্যালয়ে অভিযান শুরু করে পুলিশ। এরপর একের পর এক প্রিজন ভ্যান এনে কার্যালয়ের ভেতরে থাকা লোকজনকে হাতকড়া পরিয়ে পল্টন থানায় নিয়ে যাওয়া হয়। যাচাই-বাছাই শেষে ২৭ জনকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.