মোস্তাফিজুর রহমানকে আইপিএলে খেলতে না দেওয়ার ঘটনায় এবার ক্ষোভ প্রকাশ করেছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এই সিদ্ধান্তকে ‘ন্যক্কারজনক’ বলে অভিহিত করেছেন তিনি।
ভারতের উগ্রবাদী বিভিন্ন বিজেপি নেতা ও ধর্মীয় গোষ্টিদের প্রতিবাদের জেরে শনিবার বিসিসিআইয়ের নির্দেশে মোস্তাফিজকে বাদ দেয় আইপিএলের ফ্র্যাঞ্জাইজি কোলকাতা নাইট রাইডার্স। গত মাসে নিলামে মোস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে টেনেছিল শাহরুখ খানের দলটি।
এই ঘটনার জেরে বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বিসিবিকে তিনি নির্দেশ দিয়েছেন, যাতে আইসিসির কাছে বাংলাদেশের জন্য বিশ্বকাপের ভেন্যু শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার অনুরোধ জানানো হয়।
ফেসবুক পোস্টে ক্ষোভ জানিয়ে ফারুকী বলেন, ‘আইপিএলে মোস্তাফিজকে নিয়ে যা হয়েছে, সেটা ন্যক্কারজনক। এর মধ্যে বাংলাদেশের নাগরিকেরা ঘৃণার রাজনীতি দেখতে পেয়েছেন এবং ব্যথিত হয়েছেন।’
‘আপনারা জানেন গত কিছুদিন ধরে ভারতে সংখ্যালঘু মানুষের ওপর নির্যাতনের বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এরই মধ্যে উদ্বেগ জানিয়েছে। এই ঘটনাও একই মোটিভ দ্বারা প্রভাবিত কি না, সেটা নিশ্চয়ই সংশ্লিষ্ট মহল খতিয়ে দেখবে। ভবিষ্যতে আমাদের ক্রিকেট বা ফুটবল টিম সেখানে কতটা নিরাপদ, এটাও দেখা হবে নিশ্চয়ই।’

