পারভেজ হত্যা : দোষীদের গ্রেপ্তার-বিচার দাবিতে ক্যাম্পাসে ক্যাম্পাসে বিক্ষোভ

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজকে প্রকাশ্যে হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও তাদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয়গুলোতে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। এই হত্যাকাণ্ডেডর প্রতিবাদ জানিয়ে দোষীদের দ্রুত বিচারের আওয়তায় আনার দাবি তুলেছে বিভিন্ন সংগঠন।

 

সোমবার (২১ এপ্রিল) দিনভর ক্যাম্পাসে ক্যাম্পাসে বিভিন্ন সংগঠনের ব্যানারে কর্মসূচি পালন করা হয়।

 

 

পারভেজ হত্যার প্রতিবাদ এবং অবিলম্বে খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন জবি ছাত্রদলের নেতাকর্মীরা। এতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল এবং সদস্য সচিব শামসুল আরেফিনের নেতৃত্বে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

 

শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা অতীতেও নির্যাতন ও হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, এখনো হচ্ছেন। আমাদের অপরাধ কী? আমরা তো একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য কাজ করে যাচ্ছি। একজন ছাত্রনেতা ও শিক্ষার্থীকে হারিয়ে আমরা গভীরভাবে ব্যথিত। এ নৃশংস হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”

 

ভবিষ্যতে বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি, দেশে যেন আর কোনো শিক্ষার্থী এ ধরনের নির্মমতার শিকার না হয়। ছাত্রদল আর কোনো মেধাবী ও পরিশ্রমী ছাত্রনেতাকে হারাতে চায় না।”

 

বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে জাহিদুল ইসলাম পারভেজ হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদল।

 

এ সময় রাবি ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমদ রাহী, যুগ্ম-আহ্বায়ক মাহমুদুল মিঠু, শফিকুল ইসলামসহ বিভিন্ন স্তরের প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.