৩৪ হাজার ফুট উচ্চতায় দুই পাইলটের মারামারি ও ছুরিকাঘাতের পর ইসরায়েলগামী একটি বিমান সৌদি আরবে অবতরণ করতে বাধ্য হয়েছে। বুধবার ফ্লাই দুবাই এয়ারলাইন্সের একটি বিমানে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বিবিসি।
প্রতিবেদন অনুযায়ী, দুবাই থেকে বিমানটি ওড়ার কিছু পরেই সেটি থেকে আপৎকালীন বার্তা পৌঁছোয় এয়ার ট্রাফিক কন্ট্রোলের কাছে। ফ্লাইট ট্র্যাকিং ডেটা অনুযায়ী, বিমান তখন ৩৪ হাজার ফুট উচ্চতায় ছিল। দুই মিনিটের মধ্যে সেটি ১৭ হাজার ফুট নিচে নেমে আসে। বিমানে ১৮০ জন যাত্রী ছিলেন। প্রথমে যে, আপৎকালীন বার্তা ট্রাফিক কন্ট্রোলের কাছে পৌঁছেছিল, তা থেকে একটি ভ্রম সৃষ্টি হয়েছিল যে, বিমানটি অপহরণ করা হয়েছে। পরে জানা যায়, ককপিটে দুই পাইলট তর্কাতর্কি এবং হাতাহাতিতে জড়িয়ে পড়েন। তার পরই ওই সিগন্যাল পাঠানো হয়।
টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, অপহরণের খবর ছড়িয়ে পড়তেই ইসরায়েলি বিমানবাহিনীর বেশ কয়েকটি বিমান ওই বিমানের নিরাপত্তার জন্য রওনা দেয়। জরুরি ভিত্তিতে বৈঠক ডাকেন ইসরায়েল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। পরে জানা যায়, বিমানটি সৌদি আরবের তাবুক আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক যাত্রী ‘জেরুজালেম পোস্টকে’ জানিয়েছেন, এক পাইলট অন্য পাইলটকে ছুরিকাঘাত করেছিলেন; তবে বিমানের সামনের দিকের যাত্রীরা হামলাকারীকে ককপিট থেকে সরিয়ে দিতে সহায়তা করেন।
ওই প্রত্যক্ষদর্শী জানান, বিমানে আরও দুজন পাইলট ছিলেন, যারা বিমানের পেছনের অংশে অবস্থান করছিলেন। যাত্রীদের চিৎকারে ওই দুজন ছুটে এসে বিমানের নিয়ন্ত্রণ নেন।

