স্থানীয় এমপিকে না জানিয়ে উচ্ছেদ অভিযান আমাকে বিস্মিত করেছে : শফিকুর রহমান

রাজধানীর মিরপুরের হোপ মার্কেটে উচ্ছেদ অভিযানের বিষয়ে অবহিত না করায় ক্ষোভ প্রকাশ করেছেন ওই এলাকার সংসদ সদস্য, জামায়াতে ইসলামীর আমির ও সংসদে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘স্থানীয় সংসদ সদস্যকে অবহিত না করে উচ্ছেদ অভিযান আমাকে বিস্মিত করেছে।’

আজ বুধবার শফিকুর রহমানের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এমন প্রতিক্রিয়া জানানো হয়।

ঢাকা-১৫-কে রাজধানীর একটি গুরুত্বপূর্ণ সংসদীয় আসন উল্লেখ করে ফেসবুক পোস্টে বলা হয়, ‘জনগণ তাঁদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন। সুতরাং জনগণের সুবিধা-অসুবিধা-সংক্রান্ত কোনো বিষয়ে পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট সংসদ সদস্যের সঙ্গে পরামর্শ করা হলে বিষয়টি হয়তো আরও সমন্বিত ও ভিন্নভাবে বাস্তবায়ন করা সম্ভব হতো।’

পোস্টে আরও লেখা হয়েছে, ‘এ ক্ষেত্রে স্থানীয় সংসদ সদস্যকে অবহিত না করে এ ধরনের পদক্ষেপ নেওয়ার বিষয়টি আমাকে বিস্মিত করেছে। এ বিষয়ে আমারও দায়িত্ব রয়েছে এবং আমাকে সম্পৃক্ত করা যেত। পারস্পরিক পরামর্শের মাধ্যমে একটি উত্তম ও কার্যকর পথ বের করা সম্ভব ছিল। কিন্তু সেই পথ অনুসরণ করা হয়নি।’

শফিকুর রহমান বলেন, ‘এ ক্ষেত্রে সংঘাতের পরিবর্তে বাস্তবতা উপলব্ধি করে এমন একটি ব্যবস্থা নেওয়া প্রয়োজন, যাতে ক্ষুদ্র ব্যবসায়ীরা অযথা ক্ষতিগ্রস্ত না হন এবং একই সঙ্গে সাধারণ জনগণের চলাচলের পথও নির্বিঘ্ন ও ব্যবহারোপযোগী থাকে। তাঁর মতে এর জন্য সমন্বিত ও বাস্তবভিত্তিক উদ্যোগ প্রয়োজন।’

মাসের পর মাস ধরে একদল ‘অসাধু ও চাঁদাবাজ’ ব্যক্তি এসব ক্ষুদ্র ব্যবসায়ীর কাছ থেকে নিয়মিত চাঁদা নিয়ে তাঁদের এখানে ব্যবসা করার সুযোগ করে দিয়েছে বলে অভিযোগ করেন বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, ‘তারা দৈনিক, সাপ্তাহিক, মাসিক ও বার্ষিক ভিত্তিতে চাঁদা আদায় করে থাকে। এটি অত্যন্ত নিন্দনীয় কর্মকাণ্ড। এর ফলে শেষ পর্যন্ত এর আর্থিক বোঝা গিয়ে পড়ে সাধারণ ক্রেতা ও জনগণের ওপর।’

বিচ্ছিন্ন কোনো পদক্ষেপ নয়; বরং সমন্বিত, সুপরিকল্পিত ও টেকসই পদক্ষেপ নেওয়া প্রয়োজন, যা সংশ্লিষ্ট সব পক্ষের জন্য কল্যাণকর হবে। এ ধরনের পদক্ষেপ নেওয়াই এখন সময়ের দাবি।—যোগ করেন শফিকুর রহমান।

উচ্ছেদ অভিযান পরিচালনা করতে হলে আগে বিকল্প ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন বলে মন্তব্য করেন শফিকুর রহমান। তাঁর মতে, সংশ্লিষ্ট ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য কোনো বিকল্প ব্যবস্থা করা হয়েছে কি না, সেটিও ভেবে দেখা দরকার।

ভবিষ্যতে এ ধরনের যেকোনো পদক্ষেপ যেন সমন্বিতভাবে নেওয়া হয় এবং সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট সব পক্ষকে সম্পৃক্ত করা হয়—এমন প্রত্যাশা ব্যক্ত করেন বিরোধীদলীয় নেতা।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.