প্রধান উপদেষ্টার দিকনির্দেশনা মেনেই বৈঠক হচ্ছে : আলী রীয়াজ

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেছেন, প্রতিদিন আলোচনার বিষয়গুলো প্রধান উপদেষ্টাকে অবিহিত করা হচ্ছে। তিনি দিকনির্দেশনা দিচ্ছেন এবং তার দিকনির্দেশনা মেনেই এ বৈঠক করা হচ্ছে।

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে সংসদ ভবনের এলডি হলে পাঁচ কমিশনের দেওয়া সংস্কার প্রস্তাবের ওপর মতামত নিতে বিএনপির সঙ্গে তৃতীয় দিনের মতো আলোচনার বসার আগে তিনি এসব কথা বলেন।

ড. আলী রীয়াজ বলেন, ‘ঐতিহাসিক মুহূর্তে আমরা উপস্থিত। যেসব প্রস্তাব উঠেছে সেসব নিয়ে সংশ্লিষ্ট কমিশনের সঙ্গেও আলোচনা করবে ঐকমত্য কমিশন।’

আজ বিএনপির সঙ্গে প্রাথমিকপর্যায়ের আলোচনা শেষ হবে বলেও আশা রাখেন তিনি।

৩৫টি দল সংস্কার প্রস্তাবনা দিয়েছে আর বিএনপিসহ ১৫ দলের সঙ্গে আলোচনা হয়েছে উল্লেখ করে আলী রীয়াজ আরও বলেন, ‘আগামী মে মাসে দ্বিতীয় দফার আলোচনা শুরু হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে।’

এর আগে গত ১৭ এবং ২০ এপ্রিল প্রস্তাবনা নিয়ে ঐকমত্য কমিশনের সঙ্গে দিনভর বৈঠক করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধিদলের সদস্যরা। ২৩ মার্চ আনুষ্ঠানিকভাবে সংস্কার প্রস্তাবনা জমা দেয় বিএনপি।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশের হাল ধরা অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে দুই ধাপে ১১টি কমিশন গঠন করে। কমিশনগুলোর সুপারিশ নিয়ে জাতীয় ঐকমত্য গঠনের লক্ষ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত ১৫ ফেব্রুয়ারি জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রম শুরু হয়।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.