বুধবার (২৯ জানুয়ারি) তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ বিষয়ে তিনি বিস্তারিত মন্তব্য করেন।
ফেসবুক পোস্টে শফিকুল আলম লেখেন, আগস্টে দায়িত্ব গ্রহণের পর থেকে সরকার কোনো ন্যায়সংগত বিক্ষোভ বন্ধ করেনি। কিন্তু ফ্যাসিস্ট আওয়ামী লীগকে কি বিক্ষোভের সুযোগ দেওয়া উচিত?
তিনি অভিযোগ করেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর হত্যাযজ্ঞ চালিয়েছে। এতে বহু শিক্ষার্থী ও শিশু নিহত হয়।
নিউইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের বরাতে তিনি বলেন, শেখ হাসিনা তার শাসনামলে সরাসরি হত্যা, গুম এবং প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচারের অভিযোগের সঙ্গে জড়িত। প্রায় সাড়ে তিন হাজার মানুষ জোরপূর্বক গুম এবং তিন হাজার বিচারবহির্ভূত হত্যার শিকার হয়েছেন।
শাপলা চত্বরের ঘটনা ও বিরোধীদের দমন অভিযানের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, পুলিশ লীগে পরিণত হয়েছিল। প্রায় ষাট লাখ বিরোধীদলীয় নেতাকর্মীর বিরুদ্ধে ভুয়া মামলা দেওয়া হয়েছে।
শফিকুল আলম স্পষ্ট করেন যে, যতক্ষণ না আওয়ামী লীগ ক্ষমা চেয়ে অপরাধীদের বিচারের আওতায় আনবে, ততক্ষণ তাদের কোনো বিক্ষোভের অনুমতি দেওয়া হবে না।

