ছয় দিনের রিমান্ডে ধীরেন্দ্র দেবনাথ শম্ভু

বরগুনা-১ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। ছবি: ফোকাস বাংলা  

রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় বরগুনা-১ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

Advertisement: 0:24

আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরীফুর রহমান শুনানি শেষে রিমান্ডের এই আদেশ দেন।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের রমনা জোনাল টিমের পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আরিফ আসামি শম্ভুর ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ড মঞ্জুরের পক্ষে ও জামিন আবেদনের বিরোধীতা করে শুনানি করেন।

আসামিপক্ষের আইনজীবী মোরশেদ হোসেন শাহীন রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন।

শুনানি শেষে আদালত শম্ভুর ৬ দিনের রিমান্ডের আদেশ দেন।

এর আগে সোমবার রাতে রাজধানীর উত্তরা এলাকা থেকে শম্ভুকে গ্রেপ্তার করার কথা জানায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ছাত্র–জনতার অভ্যুত্থানকে কেন্দ্র করে ধীরেন্দ্রনাথ শম্ভুর বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার আদালতে পাঠানো হবে।’

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন। এরপর তার মন্ত্রিসভার সদস্য ও আওয়ামী লীগের অনেক নেতা আত্মগোপনে যান। তাদের কেউ কেউ গ্রেপ্তার হয়েছেন। আবার অনেকে দেশ ছেড়েছেন বলে খবর পাওয়া গেছে। এরই মধ্যে ধীরেন্দ্রনাথ শম্ভুকে গ্রেপ্তারের কথা জানায় পুলিশ।

বরগুনা-১ আসনে ১৯৯১ থেকে ২০২৩ সাল পর্যন্ত সাতবার মনোনয়ন পেয়ে পাঁচবার সংসদ সদস্য হন শম্ভু। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে যান তিনি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.