প্যারিসে ক্রিসি কিংয়ের নতুন কুতুর লাইন বা বিশেষ নকশার বিলাসবহুল পোশাক, দ্য ব্যুরো ফ্যাশন উইকের মঞ্চে ৪০ ডিজাইনার।

প্যারিস ফ্যাশন উইকের ব্যস্ত আয়োজনে নতুন মাত্রা যোগ করেছে দ্য ব্যুরো ফ্যাশন উইক। ২ ও ৩ অক্টোবর প্যারিসের এসপাস ক্লেরিতে আয়োজিত এই প্রদর্শনীতে ছয়টি রানওয়ে শোতে অংশ নিয়েছেন বিশ্বের ৪০-এর বেশি ডিজাইনার। উদ্বোধনী আয়োজনে নিজের নতুন কুতুর লাইন নিয়ে মঞ্চে উঠেছেন দ্য ব্যুরোর সহপ্রতিষ্ঠাতা ক্রিসি কিং। এটিই প্যারিসের রানওয়েতে তাঁর প্রথম কুতুর সংগ্রহ।

ক্রিসি কিংয়ের পাশাপাশি এবারের আয়োজনে ছিলেন কেনেথ বার্লিস, কাজুমা সুগাওয়ারা, ক্যারোলিনা রিয়াল ও হাউস অব গ্রেস হাক্সলিসহ আরও অনেকে। আয়োজকদের ভাষ্য, দ্য ব্যুরোর বিশেষত্ব হলো—ডিজাইনার ও মডেলদের নির্বাচনে ব্যক্তিগত যোগাযোগ নয়, গুরুত্ব দেওয়া হয় কাজকে। অংশগ্রহণকারীরা উন্মুক্ত আবেদনের মাধ্যমে নির্বাচিত হয়েছেন।

দ্য ব্যুরোর প্রযোজক ব্র্যাডি কিং বলেন, “ফ্যাশন উইক সব সময় ঠিক করে দিয়েছে কাকে দেখা হবে। আমরা সেই সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতিটাই বদলেছি। প্যারিসে রানওয়ে বরাদ্দ হয়েছে কাজের ভিত্তিতে।” আয়োজকদের দাবি, প্রতিটি অনুষ্ঠানে সরাসরি ১২ হাজার থেকে ১৫ হাজারের বেশি দর্শক উপস্থিত থাকেন; ডিজিটাল কভারেজের মাধ্যমে আরও কোটি দর্শকের কাছে পৌঁছে যায় অনুষ্ঠান।

এবারের দ্য ব্যুরো ফ্যাশন উইক অনুষ্ঠিত হয়েছে প্যারিসের বৃহত্তর স্প্রিং-সামার ২০২৭ ফ্যাশন উইকের আবহে। ফেডারেশন দ্য লা ওত কুতুর অ এ দ্য লা মোদের (FHCM) সরকারি সূচি অনুযায়ী, ২৮ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত চলা এই আয়োজনে ১০২টি ফ্যাশন হাউস এবং ৬৭টি রানওয়ে শো রয়েছে।

এবারের প্যারিস ফ্যাশন উইকের সামগ্রিক প্রবণতায় একদিকে দেখা গেছে আভিজাত্য, সোনালি রঙ ও শরীরঘনিষ্ঠ নকশার ঝলক; অন্যদিকে গুরুত্ব পেয়েছে কারিগরি দক্ষতা, টেকসই উপকরণ ও দৈনন্দিন পোশাকের নতুন ব্যাখ্যা। মিউ মিউর সংগ্রহে স্পোর্টসওয়্যার, প্লিটেড স্কার্ট, ট্র্যাকপ্যান্ট ও পার্টি-উপযোগী স্পোর্টস ব্রার মতো পোশাককে উচ্চফ্যাশনের ভাষায় উপস্থাপন করা হয়েছে।
এই বড় আয়োজনের ভিড়ে দ্য ব্যুরোর দুই রাতের প্রদর্শনী আলাদা করে নজর কেড়েছে নতুন ও অপেক্ষাকৃত কম পরিচিত প্রতিভাদের জন্য উন্মুক্ত মঞ্চ তৈরি করায়। প্যারিস দিয়ে শুরু হওয়া তাদের চলতি মৌসুমের পরবর্তী আয়োজন হবে লস অ্যাঞ্জেলেসে ১৬ থেকে ১৮ অক্টোবর। এরপর ২০২৭ সালের ১১ থেকে ১৪ ফেব্রুয়ারি নিউইয়র্কে বসবে দ্য ব্যুরো ফ্যাশন উইকের আসর।
রাকিবুল ইসলাম, শুদ্ধস্বর ডটকমের ফ্রান্স প্রতিনিধি।

