এ সরকারের কাছে গণতন্ত্র-জনগণ কোনো কিছুই নিরাপদ নয় : মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ সরকার ফ্যাসিস্ট সরকার। এদের কাছে গণতন্ত্র, মানুষ এবং জনগণ কিছুই নিরাপদ নয়।

তিনি বলেন, সরকার সারাদেশে সন্ত্রাস করে, জনগণের ওপর অত্যাচার করে পুনরায় ক্ষমতায় আসতে চায়, কিন্তু জনগণ এবার তা রূখে দাঁড়াবে।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর শরমিতা হাসপাতালে আহত বিএনপি নেতা-কর্মীদের দেখতে এলে বিএনপি মহাসচিব গণমাধ্যমে এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, কুমিল্লার লালমাই থানার এক সাংগঠনিক সভা একটি বাসায় চলাকালে স্থানীয় মন্ত্রী-এমপির ভাইয়ের নেতৃত্ব হামলা চালানো হয়। এমনভাবে হামলা চালানো হয়েছে আহতরা বাঁচতে নাও পারতো। এমনকি গুলিও চালানো হয়েছে। এখানে কয়েকজন গুলিবিদ্ধ কর্মী চিকিৎসাধীন আছেন।

তিনি বলেন, পরিস্থিতি সরকার এমন একটি পর্যায়ে নিয়ে গেছে যে, মফস্বলে বাসায় বসে সভা করলেও বাসায়ও অস্ত্র নিয়ে আক্রমণ চালানো হচ্ছে। এগুলো করে তারা দেশকে সন্ত্রাসের রাজত্বে পরিণত করেছে।

এ সময় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী, ড্যাবের নেতা ডা. সিরাজুল ইসলাম, ডা. সরকার মাহবুব আহমেদ শামীম প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.