মুক্তিযোদ্ধাদের জঙ্গির সঙ্গে তুলনা করে বক্তব্য দেওয়ায় এনায়েত উল্লা আব্বাসীর কুশপুত্তলিকা দাহ করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ। একইসঙ্গে তাকে দ্রুত গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়েছে।
আজ বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে এ দাবি জানান সংগঠনটির নেতারা।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের জঙ্গির সঙ্গে তুলনা করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি স্বাধীনতাবিরোধী অপশক্তির দোসর ও ধর্ম ব্যবসায়ী এনায়েত উল্লা আব্বাসীকে দ্রুত গ্রেপ্তারসহ কঠোর শাস্তির আওতায় নিয়ে আসা হোক।
সংগঠনের সাধারণ সম্পাদক আল মামুন বলেন, মহান মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি এবং ওয়াজের নামে বিভ্রান্তি ও গুজব ছড়িয়ে সমাজ শান্তি শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করাই এনায়েত উল্লা আব্বাসীর মূল উদ্দেশ্য যা জাতির সামনে ইতিমধ্যে পরিস্কার হয়ে গেছে। জাতীয় সঙ্গীত ও মুক্তিযুদ্ধের শহীদদেরকে নিয়ে আব্বাসী প্রকাশ্য কটূক্তি ও সাম্প্রদায়িক উস্কানী ছড়িয়েছে। সে দেশের বিভিন্ন জায়গায় হাদীসের অপব্যাখ্যা দিয়ে শান্তির ধর্ম ইসলামের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। সম্প্রতি জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদেরকে জঙ্গির সাথে তুলনা করে এনায়েত উল্লা আব্বাসী মহান মুক্তিযুদ্ধের চেতনায় চরম আঘাত করেছেন যা ক্ষমার অযোগ্য অপরাধ।
সংগঠনের সাধারণ সম্পাদক আল মামুনের সঞ্চালনায় উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচীতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এতে আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন মজুমদার, বীর মুক্তিযোদ্ধা জহির উদ্দিন জালাল, ভাস্কর্য শিল্পী রাশা, সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনেট মাহমুদ ও সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মাহিমসহ আরও অনেকে।

