বালু উত্তোলনের গর্তে পড়ে ২ ভাইয়ের মৃত্যু

কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের পেরুল গ্রামে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের গর্তের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিকেলে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, পেরুল গ্রামের মো. সাখাওয়াত হোসেনের ছেলে সোহান (৬) ও রোহান(৪)।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে দুই ছেলেকে নিয়ে সাখাওয়াত ধান কাটতে মাঠে যান। পরে বেলা বাড়লে সাখাওয়াত দুই ছেলেকে বাড়ি চলে যেতে বলেন। এরপর দীর্ঘ সময় পরেও দুই ভাই বাড়িতে না ফেরায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের লোকজন।

একপর্যায়ে এলাকার আশপাশে মাইকিংও করা হয়। এরপর বিকেল ৪টার দিকে ড্রেজার মেশিনের বালু উত্তোলনের গর্তের মধ্যে পানিতে দুই ভাইকে ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তাদের বাড়ির লোকজনকে খবর দেয়া হয়।

শিশুদের বাবা সাখাওয়াত বলেন, ‘দুই মাস আগে পেরুল গ্রামের দীন মোহাম্মদ নামের এক ব্যক্তি ড্রেজার মেশিনের বালু উত্তোলন করে বিক্রি করেছেন। তিনি গর্তের চারপাশে নিরাপত্তা বেষ্টনী দিলে এ ঘটনা ঘটতো না।’

লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাশেম বলেন, ‘খুবই দুঃখজনক ঘটনা। গতকাল রাতেই দুই ভাইয়ের জানাজা শেষে দাফন করা হয়েছে। দীন মোহাম্মদকে আগেই সতর্ক করেছি, যেন গর্তের পাশে নিরাপত্তার ব্যবস্থা করে। কিন্তু সে অবহেলা করেছে।’

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.