শাকিবের সিনেমার ১১ দৃশ্য নিয়ে আপত্তি!

ঢালিউড কিং শাকিব খান অভিনীত আলোচিত সিনেমা ‘নবাব এলএলবি’। অনন্য মামুন পরিচালিত এ সিনেমা গত মাসে সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়। সিনেমাটি দেখার পর ১১টি দৃশ্য নিয়ে আপত্তি জানিয়েছে সেন্সর বোর্ড। আপত্তিকর দৃশ্যগুলো বাদ দিয়ে আবার জমা দেওয়ার জন্য পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠানকে চিঠি দেওয়া হয়েছে।

পরিচালক অনন্য মামুন বলেন—সিনেমাটির সংলাপ ও একটি গানের কথাও ঠিক করতে বলা হয়েছে। এইগুলো ঠিক করলে সিনেমার আর কিছুই থাকে না। কী আর করার, সেন্সর বোর্ড যে ১১ জায়গায় আপত্তি করেছে সেগুলো বাদ দিয়েই আবার জমা দেব।

গত ১৬ ডিসেম্বর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায় ‘নবাব এলএলবি’। এরপরই অনলাইনে ভাইরাল হয় এই সিনেমার একটি দৃশ্য। ওই দৃশ্যে ধর্ষিতা নারী মামলা করার জন্য থানায় যান। সেখানে পুলিশের এসআই ওই নারীকে অশ্রাব্য ভাষায় বিভিন্ন প্রশ্ন করেন। এই দৃশ্য নিয়ে বাধে বিপত্তি। পুলিশকে হেয় করার অভিযোগ ওঠে।

পরে পর্নোগ্রাফি আইনে সিনেমাটির পরিচালক অনন্য মামুন এবং ওই দৃশ্যের অভিনেতা শাহীন মৃধার বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশের সাইবার ক্রাইম ইউনিট। অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তারা জামিনে মুক্ত হন। এরপর আপত্তিকর সংলাপসহ কিছু দৃশ্য কর্তন করে সিনেমাটি সেন্সর বোর্ডে জমা দেওয়া হয় বলে প্রযোজক সূত্রে জানা গেছে।

শাকিব খানের বিপরীতে এই সিনেমায় অভিনয় করেন মাহিয়া মাহি, অর্চিতা স্পর্শিয়া। এছাড়াও অভিনয় করেছেন—শহিদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সুমন আনোয়ার, শাহেদ আলী প্রমুখ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.