আবারও ইসির বিরুদ্ধে রাষ্ট্রপতির কাছে অভিযোগ

নির্বাচন কমিশনের (ইসি) বিরুদ্ধে আর্থিক অনিয়ম-দুর্নীতিসহ নানা অভিযোগ তুলে রাষ্ট্রপতিকে আবারও চিঠি দিয়েছেন বিশিষ্ট নাগরিকরা।

রোববার (৩১ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ‌্য জানিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ড. শাহদীন মালিক।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এবারের দেওয়া চিঠির সঙ্গে যুক্ত করা হয়েছে মহাহিসাব নিয়ন্ত্রকের অডিট আপত্তি প্রতিবেদন এবং গণমাধ্যমে প্রকাশিত ইসির আর্থিক অসঙ্গতি সংক্রান্ত প্রতিবেদন।

বিজ্ঞপ্তিতে আইনজীবী ড. শাহদীন মালিক জানান, গত ১৪ ডিসেম্বর ৪২ জন নাগরিকের পক্ষ থেকে রাষ্ট্রপতির কাছে বর্তমান নির্বাচন কমিশনের বিরুদ্ধে উত্থাপিত আর্থিক অনিয়ম, দুর্নীতি ও অর্থ সংশ্লিষ্ট গুরুতর অসদাচরণ এবং নির্বাচন সংশ্লিষ্ট অনিয়ম ও অন্যান্য গুরুতর অসদাচরণের অভিযোগে চিঠি দেওয়া হয়। এটি তদন্ত করার লক্ষ্যে বাংলাদেশ সংবিধানের ৯৬ অনুচ্ছেদের অধীনে সুপ্রিম জুডিশিয়াল গঠন করার আবেদন জানানো হয়। পরে ১৭ জানুয়ারি রাষ্ট্রপতির সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করার লক্ষ্যে উক্ত আবেদনের সংযুক্তি হিসেবে আরেকটি চিঠি পাঠানো হয়। চিঠির সঙ্গে নির্বাচন কমিশনের প্রশিক্ষণের জন্য বরাদ্দ করা অর্থ সম্পর্কিত অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নিয়ে বৈশাখী টেলিভিশনের সাত পর্বের একটি ধারাবাহিক প্রতিবেদনের কপি সংযোজন করা হয়। একই বিষয়ে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের (সিএজি) দপ্তর কর্তৃক উত্থাপিত অডিট আপত্তি নিয়ে গণমাধ্যমে প্রকাশিত কয়েকটি প্রতিবেদনের কপিও সংযোজন করা হয়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.