করোনার মধ্যে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫

করোনার মধ্যে মাদারীপুর সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে পাঁচজন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়েছেন। আজ রোববার দুপুরে উপজেলার পূর্ব রাস্তি এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন, পূর্বরাস্তি এলাকার রাজ্জাক সরদার (৩২), মামুন সরদার (৩৫), পলাশ বেপারী (৩৫), সাদ্দাম সরদার (৩২) ও ফিরোজ সাহী (৪২)।

ঘটনার পর ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ বদরুল আলম মোল্লা।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ‘এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজু হাওলাদার ও বেল্লাল মোল্লা গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। এ সময় পাঁচজন গুলিবিদ্ধসহ আরও বেশ কয়েকজন আহত হয়। ধারণা করা হচ্ছে, বেল্লাল মোল্লা তার লাইসেন্স করা বন্দুক বা শটগান দিয়ে গুলি করেন।’

পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘আমরা বেল্লাল মোল্লাকে ধরার জন্য অভিযান চালিয়েছি। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। থানায় এখন পর্যন্ত কেউ অভিযোগ দায়ের করেনি।’

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিগত রাস্তি ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজু হাওলাদার ও বেল্লাল মোল্লা নামের দুজন চেয়ারম্যান পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে দুজনের কেউই নির্বাচনে বিজয়ী হতে পারেননি। কিন্তু এরপর থেকেই দুজনের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাঝে মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়। এ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে গুলিবিদ্ধ পাঁচজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাদারীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মফিজুল ইসলাম লেলিন বলেন, ‘সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ পাঁচজনকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.