কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ অক্টোবর) ভোর সাড়ে ৬টার দিকে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের কাজীপাড়া মিলনবাজার এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের পর সকাল সাড়ে ৮টার দিকে নাঈমুজ্জামানকে পঞ্চগড় আদালতে হাজির করা হয়। তাকে আদালতে নেওয়ার সময় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
তার বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানের সময় পঞ্চগড়ের ইজিবাইকচালক আল আমিনকে গুম ও হত্যার অভিযোগে করা মামলাসহ বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মোট ১২টি মামলা রয়েছে।
পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনটি সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী উপজেলা নিয়ে গঠিত। ওই নির্বাচনে জেলা আওয়ামী লীগের তৎকালীন সহসভাপতি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা প্রথমবারের মতো দলীয় মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।

