করোনার আক্রমণে সারাদেশে চলছে লকডাউন, দফায় দফায় বাড়ছে সাধারণ ছুটি। দেশের অর্থনীতি এখন স্থবির অবস্থায় আছে। এমতাবস্থায় জাতীয় অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করতে গার্মেন্টস কারখানা খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ নিয়ে রবিবার (৩ মে) গণমাধ্যমের সাথে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। স্বাস্থ্যমন্ত্রী জানান, অসুস্থ শ্রমিকদের জন্য কোয়ারান্টিন সেন্টার চালু করবে মালিকপক্ষ। যদি কোনো গার্মেন্টে শ্রমিক বেশি আক্রান্ত হয় তাহলে তা লকডাউন করা হবে।
আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। উল্লেখ্য, সীমিত পরিসরে গণপরিবহন চালু নিয়েও ভাবছে সরকার। সামনের সপ্তাহে এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। প্রথম ধাপে চালু হতে পারে ব্যক্তিগত যানবাহন। দ্বিতীয় ধাপে প্রতিদিন নির্দিষ্ট সংখ্যক যাত্রী নিয়ে চলবে ট্রেন। পরবর্তীতে চালু হবে বাস ও লঞ্চ। তবে এ নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয় নি।

