খাদ্য নিরাপত্তার আগে মানুষের নিরাপত্তা দরকার: কৃষিমন্ত্রী

দেশকে অস্থিতিশীল না করতে বিরোধী দলের উদ্দেশ্যে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, খাদ্য নিরাপত্তার আগে মানুষের নিরাপত্তা দরকার। রাজনৈতিক স্থিতিশীলতা দরকার। তাই আরেকটা নির্বাচন পর্যন্ত বিরোধী দলকে অপেক্ষা করতে হবে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ এর সেমিনার হলে এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

খাদ্য ঘাটতির জন্য পৃথিবীতে অনেক মাইগ্রেশন হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, আর খাদ্যের নিরাপত্তার জন্য অনেক যুদ্ধও হয়েছে। এদেশেও খাদ্য নিয়ে মানুষ অনেক কষ্ট করেছে। ক্ষমতায় আসার পর খাদ্য সংকট দূর করাই আমাদের উদ্দেশ্য ছিল। আজ আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এছাড়া প্রত্যেকটা লক্ষ্যেই আমরা ভালো করেছি, বলেন তিনি। খাদ্য নিরাপত্তার বিষয়ে অনেক আলোচনা হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, সরকারও এ বিষয়ে অনেক গুরুত্ব দিয়েছে। খাদ্য উৎপাদন বৃদ্ধির জন্যও সরকার অনেক কাজ করেছে। চাষীদের ঋণ দেয়াসহ নানা উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে। মন্ত্রী বলেন, আমরা সারের দাম কমিয়েছি। কৃষকদের বিভিন্ন সুযোগ-সুবিধা করে দিয়েছি। এজন্য কৃষিখাতে বিরাট পরিবর্তন হয়েছে। তবে জলবায়ু পরিবর্তন এখন চ্যালেঞ্জ হয়ে দাড়িয়েছে। এছাড়া নিরাপদ ও পুষ্টিজাতীয় খাবারের নিশ্চয়তাও এখন আমাদের চ্যালেঞ্জ হয়ে দাড়িয়েছে। তবে সেটাও আমরা করবো। মানুষ যাতে পুষ্টিজাতীয় খাবার খেতে পারে সেজন্য আমরা বিভিন্ন উদ্যোগ নিয়েছি। ‘জলবায়ু পরিবর্তন: খাদ্য নিরাপত্তা ও নিরাপদ খাদ্যের নিশ্চয়তায় করণীয়’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরাম (বিসিজেএফ)। সেমিনারের সভাপতিত্ব করেন আইডিবিবি’র সভাপতি এ কে এম এ হামিদ। আয়োজক সংগঠনের সভাপতি কাওসার রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে সাধারণ সম্পাদক মোতাহার হোসেনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.