খালেদার দুর্নীতি লুকিয়ে সহানুভূতি আদায়ের চেষ্টায় বিএনপি

খালেদা জিয়ার দুর্নীতির কথা গোপন করে তার স্বাস্থ‌্য খারাপ বলে প্রচার করে বিএনপি জনগণের সহানুভূতি আদায়ের চেষ্টায় লিপ্ত বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ।

বুধবার সন্ধ‌্যায় রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয়ে দলের প্রচার উপ-কমিটির বৈঠকের শুরুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন। প্রচার উপ-কমিটির সভাপতি ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার, প্রচার উপ-কমিটির উপ-সম্পাদক আমিনুল ইসলাম আমিনসহ কমিটির সভ‌্যবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

‘বিএনপি‘র রাজনীতি খালেদা জিয়ার স্বাস্থ‌্য নিয়েই আবর্তিত এবং বরাবরই তারা বেগম খালেদা জিয়ার স্বাস্থ‌্য নিয়ে অপরাজনীতি করে আসছে’ উল্লেখ করে ড. হাছান মাহমুদ প্রশ্ন রাখেন, ‘তাদের (বিএনপি’র) কি খালেদা জিয়ার আর্থরাইটিসের ব‌্যথা অর্থাৎ পুরনো স্বাস্থ‌্য সমস‌্যা ছাড়া আর কোনো ইস‌্যু নেই?’

তথ‌্যমন্ত্রী বলেন, ‘বেগম জিয়া যে দুর্নীতির দায়ে ১০ বছর দন্ডপ্রাপ্ত আসামী, সেটি গোপন করার চেষ্টা করে তার স্বাস্থ‌্য খারাপ বলে প্রচার করে বিএনপি জনগণের সহানুভূতি আদায়ের চেষ্টায় লিপ্ত। এটি তাদের রাজনৈতিক দৈন‌্যেরই পরিচয়।’

দেশে দুর্নীতির বিরুদ্ধে অভিযান অব‌্যাহত থাকবে কি না -এর প্রশ্নের জবাবে দলের প্রচার সম্পাদক বলেন, ‘এ অভিযান যে অব‌্যাহত থাকবে, মাননীয় প্রধানমন্ত্রী তা গতকাল বলেছেন। আমার মনে হয় না, এ ব‌্যাপারে আমার বাড়তি কিছু বলার প্রয়োজন আছে।’

শুদ্ধস্বর/আইকে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.