অসুস্থ খোকাকে নিয়ে আব্বাসের আবেগঘন স্ট্যাটাস

বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন খোকা দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত। বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত দুইদিন ধরে তার শরীরের অবস্থার আরো অবনতি হয়েছে। এমন খবর শুনে দলের নেতাকর্মীরা বিমর্ষ। এরইমধ্যে খোকার অসুস্থতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। স্ট্যাটাসে তিনি রিখেছেন, প্রিয় খোকা এইমাত্র আমি জানতে পারলাম যে তোমার শরীর খুব খারাপ। তুমি হাসপাতালে শয্যাশায়ী। জানার পর থেকে আমার মানসিক  অবস্থা যে কতোটা খারাপ, এই কথাটুকু কারো সঙ্গে  শেয়ার করবো সেই মানুষটা পর্যন্ত আমার নেই।

তুমি আর আমি একসঙ্গে রাজনীতি করেছি।

অনেক স্মৃতি আমার চোখের সামনে এই  মুহূর্তে  ভাসছে। তোমার আর আমার দীর্ঘ এই পথচলায় কেউ কেউ তাদের ব্যক্তি স্বার্থে তোমার আর আমার মাঝে একটা দুরত্ব তৈরী করে রেখেছিল। তবে তুমি আর আমি কেউই সেই দুরত্ব রয়েছে বলে কখনোই মনে করিনি।

আমি জানিনা, তোমার সাথে আমার আর দেখা হবে কিনা। আমার এই লিখাটি তোমার চোখে পড়বে কি-না বা তুমি দেখবে কি-না তাও আমি জানি না। তবে বিশ্বাস করো তোমার শারীরিক অসুস্থতার কথা জানার  পর থেকেই বুকেরটা ভেতরটা কেন যেনো ভেঙ্গে আসছে। আমি বার বার অশ্রুসিক্ত হচ্ছি। মহান আল্লাহ্ তায়ালার কাছে দুহাত তুলে তোমার জন্য এই বিশ্বাস নিয়ে দোয়া করছি। তিনি অবশ্যই তোমাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনবেন।

তুমি আর আমি কাধে কাধ মিলিয়ে, বুকে বুক মিলিয়ে রাজনীতির মাঠে কাজ করে যাব। না হয় সেই আগের মতোই স্বার্থপর কোনো মানুষদের জন্য আব্বাস  আর খোকা বাইরে বাইরে দুরত্বের সেই অভিনয়টা করে যাবে, আর ভেতরে থাকবে দুজনের প্রতি দুজনের অন্তর নিংড়ানো ভালোবাসা। আল্লাহ্ তোমায়  সুস্থতা দান করুক। তুমি ফিরে এসো খোকা, তুমি ফিরে এসো। আমি অপেক্ষায় থাকবো।

শুদ্ধস্বর/বিটি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.