দুই সাংবাদিককে চিঠি দেয়া দুদক কর্মকর্তাকে শোকজ

প্রকাশিত সংবাদের বিষয়ে বক্তব্য দিতে আপত্তিকর ভাষায় দুই সাংবাদিককে নোটিশ দেয়া দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্মকর্তা শেখ মো. ফানাফিল্যাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেয়া হয়েছে। একই সঙ্গে দায়িত্ব অবহেলার কারণে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে কমিশন।

বুধবার দুপুরে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য সাংবাদিকদের এ তথ্য জানান।

এর আগে, প্রকাশিত সংবাদের বিষয়ে বক্তব্য দিতে আপত্তিকর ভাষায় নোটিশের প্রতিবাদে আজ বুধবার সকাল থেকে দুদক কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন সাংবাদিকরা।

এরই এক পর্যায়ে বিক্ষুব্ধ সাংবাদিকদের সঙ্গে দেখা করেন প্রণব কুমার।

তিনি জানান, দুই চিঠিতে দুই রকম ভাষা ব্যবহারের বিষয়টি কমিশনের নজরে এসেছে। কমিশন দায়িত্ব অবহেলার কারণে তার (ফানাফিল্যাহ) বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে।

এ ছাড়াও কেন দুই চিঠির ভাষা দু’রকম হলো তা জানাতে তাকে কারণ দর্শনোর নোটিশ দেয়া হয়েছে।

প্রসঙ্গত, মঙ্গলবার বাংলা ট্রিবিউনের বিশেষ প্রতিনিধি দীপু সারোয়ার ও এটিএন নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক ইমরান হোসেন সুমনকে প্রকাশিত একটি সংবাদের বিষয়ে বক্তব্য দিতে তলব করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের দুটি চিঠিতেই অভিযোগের সংক্ষিপ্ত বিবরণী হিসেবে উল্লেখ করা হয়, দুদকের পরিচালক খন্দকার এনামুল বাছিরের বিরুদ্ধে ডিআইজি মিজানুর রহমানের কাছ থেকে ৪০ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ প্রসঙ্গে আপনার সাক্ষ্যগ্রহণ ও শ্রবণ একান্ত প্রয়োজন। উল্লিখিত অভিযোগের বিষয়ে আগামী ২৬/০৬/২০১৯ খ্রি. তারিখ ১০.৩০ ঘটিকায় নিম্নস্বাক্ষরকারীর কার্যালয়ে উপস্থিত হয়ে বক্তব্য প্রদানের জন্য আপনাকে অনুরোধ করা হলো। ‘ দুই সাংবাদিককেই হাজির না হলে চিঠিতে আইনানুগ কার্যধারা গৃহীত হবে বলে হুমকি দেয়া হয়।

শুদ্ধস্বর/এন

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.